২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আর নয় স্টার ওয়ার্স'

‘স্টার ওয়ার্স’ সিরিজকে বিদায় জানানোর কথা জানিয়ে দিলেন নির্মাতা জর্জ লুকাস। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন, এ সিরিজের আর কোনো সিনেমা নির্মাণের দায়িত্ব তিনি নেবেন না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 04:30 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

“আর নয়। এখানেই সমাপ্তি।”- সাক্ষাৎকারে বলেন লুকাস। দীর্ঘদিন ধরে একই সিনেমা নির্মাণ নিয়ে ব্যস্ত থাকার সমস্যাগুলোও তুলে ধরেন তিনি। বলেন, “আপনি যখনই সিনেমা বানাতে যান, সমালোচনা ছাড়া তখন আপনি আর কিছুই পান না। নিজে কিছু করবার আগেই আপনি কি করতে যাচ্ছেন সেটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে বসে থাকে মানুষ। এটা একেবারেই ঠাট্টার কোনো বিষয় নয়।"

নিরীক্ষাধর্মী সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করা লুকাস ১৯৭৭ সাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন ‘স্টার ওয়ার্স’ নিয়ে। লুকাস ফিল্মসের ব্যানারে প্রযোজনা ও পরিচালনা - দুটি দায়িত্বই পালন করতে হয়েছে তাকে। যার ফলে অন্য কোনো ধরনের চলচ্চিত্র নির্মাণে ফিরতে পারেননি।

নিজের সাক্ষাৎকারে সিরিজের বর্তমান প্রযোজনা সংস্থা ডিজনির দিকে আঙুল তুলে লুকাস বলেন, “বিষয়টা এমন হয়ে দাড়িয়েছিল যে, তারা গল্পগুলো দেখলো এবং বললো, আমরা ভক্তদের জন্য কিছু বানাতে চাই।"

ডিজনির সমালোচনা করে লুকাস আরও জানান, “মানুষ আসলে বুঝতে পারেনা যে এটা আসলে একটা সোপ অপেরার মত, যার কাহিনির ভিত পারিবারিক দ্বন্দ্ব; এটা নভোযানের গল্প নয়। তাই তারা সিদ্ধান্ত নিল এ ধরনের গল্প তারা ব্যবহার করবে না। যেহেতু তারা তাদের মতো করে কাজ করতে চায়, বেশ তো! আমি তাদের হাতেই সবকিছু ছেড়ে দিচ্ছি।"

মুক্তির অপেক্ষায় থাকা ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’-এ নির্বাহী প্রযোজক হিসেবে তেমন কোনো দায়িত্বই পালন করেননি লুকাস।

পরিচালনা থেকে অবশ্য একেবারেই হাত ধুয়ে ফেলছেন না তিনি।

‘স্টার ওয়ার্স’ সিরিজের সপ্তম সিনেমা ‘দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’ মুক্তি পাবে ডিসেম্বরের ১৮ তারিখে।