২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকি যখন ‘যৈবতী কন্যা’

ছোট পর্দায় দাপট দেখানোর পর সুমাইয়া সাকি এবার পদার্পন করছেন চলচ্চিত্রে। ২০১২-১৩ সালে সরকারি অনুদান পাওয়া ‘যৈবতী কন্যার মন’ সিনেমায় তিনি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 04:59 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

সম্প্রতি গ্লিটজের সঙ্গে আলাপে জানালেন তার চলচ্চিত্রে আসার গল্প।

ফেইসবুকে আলাপের সূত্র ধরেই পরিচালক নার্গিস আক্তারের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে সাকির। তারপর নার্গিসের পরিচালনায় ‘নীলিমায় নীল রোদ’ টেলিফিল্মে অভিনয়ের সুযোগ মেলে। সেই টেলিফিল্মে সাকিকে অভিনয় করতে হয়েছিলো অভিনেত্রী বিন্দুর মেয়ের চরিত্রে।  জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতার নজরে পড়েন সাকি।

Image
ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

বললেন, “সেই টেলিফিল্ম প্রচারের পর হঠাৎ একদিন নার্গিস আপু বললেন, আমাকে নিয়ে তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন।  চলচ্চিত্রের গল্পটিও আমার ভীষণ প্রিয়। সেলিম আল দীন স্যারের ‘যৈবতী কন্যার মন’। কতবার যে পড়েছি স্যারের এই নাটকটি। মঞ্চেও অনেকবার দেখেছি নাটকটি। পরী ও কালিন্দী-দুটি চরিত্রই আমার কাছে ভীষণ প্রিয়। প্রিয় গল্পে, প্রিয় চরিত্রে কাজ করার সুযোগ আমি হাতছাড়া করতে চাই নি”।

প্রথম সিনেমাতেই দ্বৈত চরিত্রে অভিনয়ের ব্যাপারটি মোটেই সহজ হচ্ছে না সাকির জন্য।

“নাটক ও সিনেমা দুটো ভিন্ন জায়গা। হয়তো ক্যামেরা,  এক্সপ্রেশন - এ ব্যাপারগুলোতে আমার জড়তা নেই। কিন্তু তারপরও সিনেমা অনেক বড় জায়গা। দুটি চরিত্রকে আমার ধারণ করতে হচ্ছে। দুটি চরিত্র ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না এখন। দুটি চরিত্রের সঙ্গে বসবাস, সে কিন্তু খুব সোজা কথা না।  সোজা নয়, সেগুলোকে পর্দায় ফুটিয়ে তোলা।”

Image
ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

সাকি জানালেন, সিনেমার ৪০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সিনেমায় তার অভিনীত চরিত্র দুটো দর্শককে কতটুকু আকৃষ্ট করতে পারবে এমন প্রশ্নের জবাবে বললেন, “আমি জানি, দর্শকের মূল আগ্রহ নায়িকার গ্ল্যামারে। নায়িকার গ্ল্যামারাস উপস্থিতিই দর্শককে টেনে আনে হলে। কিন্তু আমাদের সিনেমার গল্পটি তো তেমন নয়। তবে গল্পের উপযোগী করে পরী ও কালিন্দী চরিত্র দুটিকে উপস্থাপন করবেন পরিচালক।”

এ সিনেমার পর চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করবেন কি না এ প্রশ্নের জবাবে বললেন, “আমি এখন ‘যৈবতী কন্যার মন’ নিয়ে ভাবছি। সিনেমাটির কাজ শেষ করি, সিনেমাটি মুক্তি পাক। তারপর দর্শকের প্রতিক্রিয়া দেখবো। তারা যদি চায় তো আমি সিনেমাতে থাকবো। তবে খুব নিয়মিত হবো চলচ্চিত্রে, তা বলতে পারবো না। বছরে একটি, দুটি সিনেমাতে কাজ করতে পারি, তবে তা অবশ্যই আমার মনের মতো হতে হবে।  গল্পের চরিত্রটি  আমার সঙ্গে যায় কি না, তাও কিন্তু মুখ্য ব্যাপার।”

“আমি আমার কাজকে উপভোগ করতে চাই আদ্যোপান্ত। খুব বেশি চাপ নিতে পারি না আমি। আমি রয়ে সয়ে কাজ করতেই ভালোবাসি। কাজের বাইরে প্রযোজক-পরিচালক-সহঅভিনেতা বা ইউনিট সদস্যদের সঙ্গে হ্যাং আউট আমি মোটেই পছন্দ করি না। আমার অবসরের সবটুকু আমি আমার পরিবারের জন্য বরাদ্দ রাখি।”

Image
ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

চলচ্চিত্রে অভিনয় করতে গেলে ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করতে হতে পারে। সে প্রসঙ্গে বললেন, “সিনেমার গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে আমি জানি আমার দর্শক কি চায়!  ঠিক কিভাবে অভিনয় করলে আমাদের দর্শক নিতে পারবে, তা মাথায় রাখছি। সবচেয়ে বড় কথা, আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করবো না, যা আমি আমার পরিবারকে নিয়ে দেখতে পারব না। যা আমি দেখতে পারবো না, তা কিভাবে দর্শক দেখবে?”

সাকির অভিনয়ের ক্যারিয়ার শুরু হয়েছিল স্কুলপড়ুয়া অবস্থায়। বিটিভির নিজস্ব প্রযোজনা ‘ঘরে বাইরে’তে অভিনয় করেন। তারপর ‘জননী’ এবং ‘নিজ গৃহে পরবাসী’ নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি।  অভিনয় করেছেন ‘মেঘলা মন’, ‘হাকুর প্রেমকাহিনী’, ‘মেঘের খেয়া’,  ‘জল পড়ে পাতা নড়ে’, ‘তুই কে আমার’, ‘হ্যালো ব্যাচেলর’ নাটকে।