মাত্র ২% ভারতীয় দেখেছেন ‘বাজরাঙ্গি ভাইজান’
বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয় করে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের তালিকায় নাম লিখিয়েছে সালমান খানের সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। কিন্তু সম্প্রতি জানা গেছে, শতকরা ২ ভাগ ভারতীয় প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন সিনেমাটি।
ছোট পর্দায় ‘বাজরাঙ্গি ভাইজান’ প্রচারের পর এই তথ্য বেরিয়ে এসেছে। একটি সিনেমা হল চেইনের কর্মকর্তার দাবী, ১৩০ কোটি ভারতীয়ের মধ্যে মাত্র ২ শতাংশ হলে গিয়ে সিনেমাটি দেখেছেন। বাকি সবাই অপেক্ষা করেছেন টিভিতে প্রচারের জন্য। জুলাইতে মুক্তি পাওয়া ‘বাজরাঙ্গি ভাইজান’- এর টিভিতে প্রদর্শিত হয় অক্টোবরে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যেদিন সিনেমাটি প্রচার করা হয়, সেদিন প্রায় সাড়ে সাত কোটি দর্শক ঘরে বসে উপভোগ করেছেন ‘বাজরাঙ্গি ভাইজান’। অপরদিকে বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখেছেন মাত্র ৩ কোটি ২১ লাখ দর্শক।
মাত্র ২ শতাংশ ভারতীয় দর্শক প্রেক্ষাগৃহে যাওয়ার ফলে সিনেমাটি আয় করেছে ৩০০ কোটি রুপি। কার্নিভাল সিনেমাসের প্রধান পি ভি সুনিল বলছেন ৫ শতাংশ দর্শকও যদি প্রেক্ষাগৃহে যেয়ে সিনেমাটি দেখতেন তাহলে চলচ্চিত্র শিল্প অনেক বেশি লাভবান হতো।
তিনি আরও জানান, এখনো ৫০ শতাংশ ভারতীয় হলে যেয়ে সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত।
