কেন কান্নায় ভেঙে পড়লেন ম্যাডোনা?
প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলার পর নিজেদের কনসার্ট বাতিল করে আইরিশ রক ব্যান্ড ইউটু। তবে মার্কিন গায়িকা ম্যাডোনা পিছু হটেননি।হামলায় হতাহতদের স্মরণ করেই কনসার্টে পারফর্ম করেন তিনি।
প্রথমে কনসার্ট বাতিল করার কথা ভাবলেও পরে পারফর্ম করার সিদ্ধান্ত নেন ৫৭ বছর বয়সী এই শিল্পী। এ বিষয়ে এক সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, “কেন আমি তারা যা চায় তা হতে দেবো? কেন আমি তাদের সুযোগ করে দেবো আমাকে, আমাদেরকে স্বাধীনতা উপভোগ করা থেকে বিরত রাখার?"
ম্যাডোনা আরো বলেন, " এক পযর্ায়ে শো চালিয়ে যাওয়াটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল। মনে হচ্ছিল, যেখানে প্রিয়জনকে হারানোর শোকে মানুষ অঝোরে কাঁদছে সেখানে আমি নেচে-গেয়ে আনন্দ করে বেড়াচ্ছি”?
"কিন্তু ওরা এটাই চায়। তারা আমাদের থামিয়ে দিতে চায়। আমাদের নিস্তব্ধ করে দিতে চায়। আমরা তা হতে দিতে পারি না। কখনো হতে দেবো না। কেননা আমাদের ঐক্যতেই নিহীত রয়েছে আমাদের ক্ষমতা এবং আমি বিশ্বাস করি পৃথিবীতে যে পরিমাণে বিশৃঙ্খলা, যন্ত্রণা, বর্বর সহিংসতা এবং জঙ্গীবাদ রয়েছে, তার চেয়েও অনেক বেশি শুভবোধ রয়েছে। আমরাই পারি সেটা প্রমাণ করতে।”
কনসার্টে পারফর্ম করার সময় কান্নায় ভেঙে পড়েন ম্যাডোনা। হতাহতদের জন্য নীরবতা পালনের আবেদন জানান তিনি। তারপর খালি গলায় গাইতে শুরু করেন ‘লাইক এ প্রেয়ার’ গানটি।
নিজের ফেইসবুক পেইজে কনসার্টটির ব্যাপারে ভক্তদের জানান ম্যাডোনা। বলেন, এটি ছিল “অন্ধকারকে আলোতে পরিণত করবার এক প্রয়াস।”
১৩ নভেম্বর সন্ধ্যায় একাধিক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠে প্যারিস। শহরের বাতাক্লাঁ থিয়েটারে মার্কিন ব্যান্ড ঈগলস অফ ডেথ মেটালের কনসার্ট চলাকালীন চালানো হামলায় নিহত হন সবচেয়ে বেশি মানুষ।
এই ঘটনায় শোক প্রকাশ করে পরের দিনের কনসার্ট বাতিল করে ইউটু। ব্যান্ডটির প্রধান বোনো বলেন, সঙ্গীতের উপর প্রথমবারের মতো সরাসরি হামলা হয়েছে।
