২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পেট আর পিয়ানোয় মধুময় সন্ধ্যা

বেঙ্গল ফাউন্ডেশন এবং রুশ দূতাবাসের যৌথ আয়োজনে ১০ নভেম্বর অনুষ্ঠিত হলো রাশিয়ান চেম্বার কনসার্ট: ট্রাম্পেট অ্যান্ড পিয়ানো। ঢাকার খামারবাড়ি এলাকায় অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কালজয়ী পশ্চিমা ধ্রুপদী সঙ্গীতের সুরে মাতিয়েছেন দুই তরুণ রুশ সঙ্গীতশিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 09:28 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরি। একই সঙ্গে তিনি মঞ্চে ডেকে নেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা আবুল খায়ের লিটু এবং রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দ্রেই নিকোলাইকে।

বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বললেন, “আমরা এর আগে চেম্বার কনসার্টের আয়োজন করলেও এত বিশাল পরিসরে করিনি। এত সঙ্গীত অনুরাগীর উপস্থিতিতে আমি সত্যিই মুগ্ধ।” 

রুশ রাষ্ট্রদূতের মুখেও শ্রোতাদের জন্য প্রশংসা। জানালেন, আরো দৃষ্টিনন্দন অনুষ্ঠানে সব সময় পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার চেষ্টা করবেন তিনি।

পশ্চিমা ধ্রুপদী সঙ্গীত চর্চার তীর্থস্থান থেকে উঠে আসা দুই তরুণ শিল্পী নিকোলাই স্ট্রানাতকোভস্কি এবং ভ্লাদিস্লাভ ফেদোরভ। মাত্র ২২ বছর বয়সী ট্রাম্পেট বাদক নিকোলাইয়ের সঙ্গে পরে মঞ্চে ওঠেন তার চেয়েও পাঁচ বছরের ছোট পিয়ানো বাদক ভ্লাদিস্লাভ। তুমুল করতালির মাধ্যমে এই দুই প্রতিভাবান শিল্পীকে মঞ্চে স্বাগত জানান শ্রোতারা।

এত অল্প বয়সেই পুরো বিশ্ব মাতিয়েছেন এই দুই শিল্পী। তাদের প্রথম দ্বৈত পরিবেশনাতেই পাওয়া গেল প্রতিভার প্রমান। অস্ট্রিয়ান সুরকার হামেলের ‘অ্যান্ডান্টে অ্যান্ড রন্ডো’ অর্কেস্ট্রার সুরে শুরুতেই তারা মুগ্ধ করলেন দর্শকদের।

একে একে তারা পরিবেশন করেন শোঁপা, লিস্ত, চাইকভস্কি, শ্যুম্যান এর মত বিখ্যাত সুরকারের কালজয়ী কিছু সিম্ফনি এবং কম্পোজিশন। বিশেষ করে শোঁপার মোট তিনটি কম্পোজিশন পিয়ানোতে বাজিয়ে শোনান স্ট্রানাতকোভস্কি।

দুটি অংশে বিভক্ত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্যায়ে বিখ্যাত জার্মান সুরকার লুডউইগ ভ্যান বিথোভেনের ‘আলেগ্রো কন ব্রায়ো ফ্রম সোনাটা ইলেভেন’ পিয়ানোতে শোনান স্ট্রানাতকোভস্কি। সঙ্গীতের জাদুতে মোহিত দর্শকরা প্রতিটি পরিবেশনার শেষেই দুই শিল্পীকে সাধুবাদ জানিয়েছেন তুমুল করতালির মাধ্যমে। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনাটি ছিল স্ট্রানাতকোভস্কি এবং ফেদোরভের দ্বৈত পিয়ানো-ট্রাম্পেটে রুশ সুরকার আলেক্সান্দার গ্লাজুনভের ‘অ্যালবাম লিফ’।

ছবি: শরীফুল হক আনন্দ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম