সেন্সরের কাঁচির তলায় 'প্রেম রাতান ধান পায়ো'
সালমান খানের নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো'র তিনটি দৃশ্য ছাঁটার নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। বলিউডের সবচেয়ে ‘পরিচ্ছন্ন’ পরিচালক হিসেবে পরিচিত সুরাজ বারজাতিয়ার সিনেমায় সেন্সর বোর্ড অশ্লীলতা খুঁজে পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
পারিবারিক চলচ্চিত্র নির্মাণের জন্য সুনাম রয়েছে রাজশ্রী প্রোডাকশন্সের। ম্যায় নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়'- এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন রাজশ্রীর কর্ণধার বারজাতিয়া।
আর তাই তার নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো'র তিনটি দৃশ্য কাটতে বলায় সেন্সর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।
এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সিনেমাতে একটি দৃশ্যে 'রামায়ন'-এর মঞ্চায়নের সময় নেপথ্যে দুটো পুরনো দিনের হিন্দি গান ব্যবহার করা হয়েছে। আর তাতেই আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। তাদের দাবী, 'রামায়ন'-এর সঙ্গে হিন্দি সিনেমার গান ব্যবহার করা উচিত নয়। এছাড়া এক ব্যক্তির ফাঁসির দৃশ্য ক্লোজ শটে ধারণ করায় তা ছেঁটে দিতে বলা হয়েছে। আরেকটি দৃশ্য রক্ষিতা শব্দটি ব্যবহার করায় তা বাদ দিতে বলা হয়েছে।
সেন্সর বোর্ডের এই নির্দেশকে মানতে রাজি হননি ‘প্রেম রাতান ধান পায়ো’র নির্মাতারা। এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটেছে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন
সুরাজ বারজাতিয়া।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলিউডের বেশ কয়েক জন নির্মাতা। মুকেশ ভাট বলেন, "ব্যাপারটি সত্যি হাস্যকর। এর মাধ্যমেই বোঝা যায় আমাদের সেন্সর বোর্ড সদস্যদের চিন্তাধারা আসলে কেমন।"
বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল বলেন, "রক্ষিতা একটি সাধারণ শব্দ। এটি প্রাত্যহিক জীবনে লোকজন ব্যবহার করে থাকে। কোনো পরিচালক তার সিনেমায় এই শব্দ ব্যবহার করতে পারবে না এমন কোনো নিয়মের কথা আমি কখনো শুনিনি।"
‘প্রেম রাতান ধান পায়ো’তে সালমান খানের বিপরীতে দেখা যাবে সোনাম কাপুরকে। সিনেমাটি মুক্তি পাবে ১২ নভেম্বর।
