'আমরা শ্রীদেবীর কাছে টাকা পাই'
তিন দশক পর তামিল চলচ্চিত্রে ফেরাটা ভাগ্যে সইলো না শ্রীদেবীর। ‘পুলি' সিনেমাটির নির্মাতাদের সঙ্গে ভালোই গণ্ডগোল বেঁধেছে তার। বর্ষীয়ান এই অভিনেত্রী যেখানে অভিযোগ করছেন তার ন্যায্য পারিশ্রমিক তাকে দেয়া হয়নি, নির্মাতাদের দাবী তারাই শ্রীদেবীর কাছে টাকা পান।
সম্প্রতি মুম্বাইয়ের প্রযোজক সংঘে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন শ্রিদেবি। তার অভিযোগ ছিল, 'পুলি'র প্রযোজকদের কাছে ৫০ লাখ রুপি পান তিনি।
ওদিকে চার পাতার একটি বিবৃতি প্রকাশ করে শ্রীদেবির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ‘পুলি’ পক্ষ। তারা বলছেন, শ্রীদেবীকে পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৭০ লাখ রুপি দেয়ার চুক্তি হয়, এছাড়া আয়কর হিসেবে বাড়তি ৩০ লাখ রুপি দিতে রাজি হন তারা।
বিবৃতিতে বলা হয়, "শুটিংয়ের শুরুতে আমাদের যা চুক্তি হয়, সেই অনুযায়ী আমরা তাকে পারিশ্রমিক দিতে থাকি। কিন্তু শুটিংয়ের শেষের দিকে এসে শ্রীদেবীর স্বামী বনি কাপুর আমাদের কাছে বাড়তি পারিশ্রমিক চান। কারণ সিনেমাটি আমরা আরো কয়েকটি ভাষায় মুক্তি দিচ্ছি।"
বিবৃতিতে নির্মাতারা জানান, বাড়তি টাকা না দিলে শ্রিদেবি শুটিং শেষ করবেন না, এমন শর্তও দেন বনি কাপুর।
"অনেক দর কষাকষির পর আমরা সিদ্ধান্ত নিই শ্রীদেবীকে সিনেমাটির হিন্দি সংস্করণের স্যাটেলাইট সত্ত্বের ২০ শতাংশ দেয়া হবে, যা হল ৫৫ লাখ রুপি। এছাড়া আরো ১৫ লাখ দেয়া হবে তেলেগু সংস্করণের জন্য।"
নির্মাতাদের দাবী, শ্রীদেবীর কথায় তারা মনিশ মালহোত্রাকে পোশাক ডিজাইনার হিসেবে নিয়োগ করেন। মনিশকে পারিশ্রমিক হিসেবে ৫০ লাখ রুপি দিতে হয়েছে তাদের। এছাড়া ‘পুলি’র হিন্দি সংস্করণের প্রচারের জন্য মার্কেটিং ডিজাইনারকে বাড়তি ৮ লাখ রুপি দেয়া হয় শ্রীদেবীর কথাতেই।
নির্মাতারা আরো বলেন, শ্রীদেবীর কথায় কোটি কোটি রুপি খরচ করেছেন তারা। কিন্তু এরপরও সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেননি এই অভিনেত্রী।
‘আমরা শ্রিদেবির কাছে টাকা পাই’ - এই বাক্যটি দিয়ে বিবৃতি শেষ হয়।
তামিল সিনেমা ‘পুলি’ পরিচালনা করেছেন চিম্বু দেভান। সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও বক্স-অফিসে তা সফল হয়নি।
