২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ মিউজিক উইক: বৈচিত্রময় সঙ্গীতের অনবদ্য পরিবেশনা

লাইভ স্কয়ারের পৃষ্ঠপোষকতায় এবং নরওয়ে দূতাবাস ও রিকনসার্টেনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে উদযাপিত হল বাংলাদেশ সঙ্গীত সপ্তাহ ২০১৫। দুটি অংশে বিভক্ত এই উৎসবের দ্য ফেস্টিভাল অংশটি অনুষ্ঠিত হয় ৬ নভেম্বর। ধ্রুপদী, লোকগান, রক, পপ, ফিউশন - সব ঘরানার গানের সুরে মাতোয়ারা এক সন্ধ্যা নেমেছিল সেদিন ঢাকার বুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 07:11 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

উৎসবে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছিল বিকাল ৫টা। কিন্তু নরওয়ের রাষ্ট্রদূত পৌছাতে না পারায় তখনও মেলেনি উৎসবস্থলে ঢোকার অনুমতি। সঙ্গীত অনুরাগীদের ভিড় ততক্ষণে রাস্তায় গড়িয়েছে। বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকায় বন্ধু, স্বজন, পরিবার নিয়ে এসেছিলেন অনেকে। সন্ধ্যা নামতে শুরু করলে অতিথিরা এলেন।

মৃদু নীলাভ আর সাদা আলোতে মঞ্চে দেখা গেল ত্রিরত্ন দলের সদস্যদের। ধ্রুপদী সঙ্গীতে তালিম নেয়া তিন তরুণ ঠিক ঠাক করে নিচ্ছিলেন সেতার, তবলা এবং স্বর্ণমণ্ডল। সাড়ে পাঁচটা বাজতে না বাজতে দর্শকে কানায় কানায় পূর্ণ মিলনায়তনে বসার জায়গা না পেয়ে অনেকেই প্রস্তুতি নিলেন দাড়িয়ে পুরো অনুষ্ঠানটি দেখার। অনেকে তো ভেতরে প্রবেশের সুযোগটিও পাননি।

দর্শকদের কলরব কিছুটা কমে আসলো ত্রিরত্নের তবলা বাদক মীর নাকিবুল ইসলামের কথায়। তিনি, তাপস ইকবাল এবং এবাদুল হক - পরিবেশনা শুরু করলেন। তাপস গেয়ে শোনালেন ‘আজ মধুর বাঁশি বাজে’।

তবলার ক্রমাগত বোল আর সেতারের ঝংকারে তখন আবিষ্ট দর্শক। আধা ঘণ্টার পরিবেশনায় ‘ত্রিরত্ন’ যেন মন্ত্রমুগ্ধ করে রাখলো। মীর নাকিবুল বললেন, “সংগীত হলো প্রার্থনার মতো। এটা ঈশ্বর থেকে আসা এক উপহার, যার পূজারি আমরা। আমাদের ভালো লাগছে যে, আপনারা আমাদের সঙ্গীত পছন্দ করেছেন। অনেকেই হয়তো মনে করেন, ক্লাসিকাল ক্লান্তিকর। কিন্তু মোটেই তা নয়।”

বাংলাদেশের বিভিন্ন ধারার সঙ্গীতকে উপস্থাপনের একটি প্রয়াস ছিল এ উৎসবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লোক সঙ্গীত এবং লালনের গান নিয়ে এরপর মঞ্চে উঠলো লালমনিরহাট থেকে উঠে আসা গানের দল আরশিনগর। তারা গাইলেন, 'বাড়ির কাছে আরশিনগর', 'যেখানে সাঁই এর বারামখানা', আরো গাইলেন 'মাহুত বন্ধু'।

Image
গান গাইছে দ্য ব্রাদারহুড প্রজেক্ট। ছবি- আবদুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গান গাইছে দ্য ব্রাদারহুড প্রজেক্ট। ছবি- আবদুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্বাদ বদলের পালায় এরপর এলো জনপ্রিয় থ্র্যাশ মেটাল ব্যান্ড পাওয়ারসার্জ। ব্যান্ডটির ভোকাল জামশেদ চৌধুরিকে মঞ্চে চোখে পড়তেই হর্ষ ধ্বণি করে উঠলেন ব্যান্ড সঙ্গীতের ভক্তরা।

তিনি অবশ্য একটি দুঃসংবাদ দিলেন। জানা গেল, অসুস্থতার কারণে বেইজিস্ট পারভেজ আহমেদ বাজাতে পারবেন না আর তাই পারফর্ম করতে পারছে না ব্যান্ডটিও। ক্ষুব্ধ দর্শকদের শান্ত করতেই যেন জামশেদ বললেন, "আমরা বাংলাদেশ থেকে আমাদের ব্যান্ড সঙ্গীতকে এক দিন বাইরের অঙ্গনেও নিয়ে যাব।"

এরপর তিনিই আমন্ত্রণ জানান লালন ব্যান্ডকে। বললেন, "এরপর আসছে এমন একটি ব্যান্ড যারা ইতোমধ্যেই তাদের গান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমঞ্চে। আমন্ত্রণ জানাচ্ছি ব্যান্ড লালনকে।"

দর্শকরাও স্বাগত লালনকে তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানালেন। কালক্ষেপন না করেই লালন গাইতে শুরু করলো 'জাত গেল' গানটি। তবে, গানের এক পর্যায়ে মাইক্রোফোনে শুরু হলো সমস্যা। মাইক বন্ধ হয়ে গেলেও গান থামাননি ভোকাল সুমি। মঞ্চের সামনে এসে উদাত্ত কণ্ঠে নিজে গাইলেন, গাওয়ালেন দর্শকদেরও। দর্শকদের সমস্বরে গাওয়ার মাধ্যমেই শেষ হলো গানটি।

একে একে তারা শোনালেন 'সময় গেলে সাধন হবে না', 'মেঘের বরিষণ বিনে' এবং 'পাগল'। গাইতে গাইতেই সুমি দর্শকদের উদ্দেশ্যে জানালেন, "আমরা যারা গান করি তারা পাগল, এখানে যারা উপস্থিত তারাও পাগল। একসাথে মিলে আমরা গান করি।"

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উৎসবটি উপভোগ করতে এসেছিলেন আশরাফুল ইসলাম আলভি। জানালেন, অনুষ্ঠানটির বৈচিত্রময়তাই তাকে টেনে এনেছে ঢাকায়।

"ছুটি পেলাম বিশ্ববিদ্যালয় থেকে, তাই ভাবলাম চলে আসি। এত দারুণ একটি বৈচিত্রময় লাইন আপ আসলেই উপভোগ করছি। বিশেষ করে ত্রিরত্ন এবং আরশিনগর খুবই ভালো লেগেছে আমার।"

একই ভাবে অনুষ্ঠান উপভোগ করছিলেন গুলশান থেকে পরিবার নিয়ে আসা শারমিন রহমান।

Image
শিরোনামহীনের গিটারিস্ট দিয়াত খানের গিটার আর রাশেল কবিরের কিবোর্ড সোলো। ছবি- আবদুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিরোনামহীনের গিটারিস্ট দিয়াত খানের গিটার আর রাশেল কবিরের কিবোর্ড সোলো। ছবি- আবদুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

"পুরো পরিবার নিয়ে এসেছি এখানে, সব সংগীত শিল্পী এবং ব্যান্ড দলই অসাধারণ, খুবই ভাল লাগছে শুনতে।"

এবার মঞ্চে ওঠার পালা দ্য ব্রাদারহুড প্রজেক্টের। নিজেদের বাদ্যযন্ত্র গুছিয়ে যখন তারা মঞ্চে এলেন, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় আটটা। গিটারিস্ট জয় শাহরিয়ার প্রথমেই ধন্যবাদ জানালেন লাইভস্কয়ারকে এমন একটি উৎসব আয়োজনের জন্য। ভোকাল পারভেজ গাইলেন তার জনপ্রিয় গান 'যাবি যদি উড়ে'। সময় স্বল্পতার কারণে তাড়াহুড়ো করেই ব্যান্ডটি গাইলো 'সত্যি বলছি' এবং 'তোমার দিল কি দয়া হয় না' গান দু'টি। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা 'ভালো আছি ভালো থেকো' গানটি নতুন রূপে উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো তাদের পরিবেশনা।

এরপর মঞ্চে উঠলো পটিয়ার বাংলাদেশ ইন্সটিটিউট অফ থিয়েটার আর্টস। চাক এবং তনজং সম্প্রদায়ের তিনজন যন্ত্রী শোনালেন নেযন্ত্র, মোম্বাজি, মুড়ালি এবং খেঙ্গত নামের আদিবাসীদের বিলুপ্তপ্রায় কিছু যন্ত্রের বাদন। মন্ত্রমুগ্ধের মতো দর্শক উপভোগ করলেন ১৫ মিনিটের এই নান্দনিক পরিবেশনা।

এবার শিরোনামহীনের উঠবার পালা। গিটারিস্ট দিয়াত খান এলেন দুর্দান্ত ভঙ্গিমায় গিটার বাজাতে বাজাতে। রাশেল কবিরের কিবোর্ডও বেজে উঠলো একই উদ্যমে। ভোকাল তানজির তুহিন এলেন দর্শকদের শুভেচ্ছা জানিয়ে। শিরোনামহীন গাইলো তাদের জনপ্রিয় 'পাখি' গানটি।

মূলত শিরোনামহীনের টানেই এসেছিলেন নর্থ সাউথ পড়ুয়া ফাহাদ বিন আমান, রুবায়েত আদনান দীপ এবং তার কয়েকজন বন্ধু। 'বন্ধ জানালা' এবং 'আবার হাসিমুখ' গানে সব দর্শকদের সঙ্গে মেতে থাকতে দেখা গেল তাদেরও। 'আবার হাসিমুখ' গানটি দিয়ে যেন পুরো মিলনায়তনকে জাগিয়ে তুললো ব্যান্ডটি। দর্শকরাই সমস্বরে গেয়ে শোনালো গানটি। সেখান থেকে শিরোনামহীন গেয়ে শোনালো 'হাসিমুখ' গানটি।

সেলফির দৌরাত্ম্যে অটোগ্রাফ নেবার চল আজকাল প্রায় নেই বললেই চলে। সেখানে নর্থ সাউথ পড়ুয়া ফাহাদ এবং দীপের এক বন্ধু সঞ্জিতা হালদার চলে গেলেন একদম মঞ্চের সামনে। কাগজ আর কলম নিয়ে তার শিরোনামহীন সদস্যদের অটোগ্রাফ নেওয়াই ছিল তার উদ্দেশ্য। তবে শেষ পর্যন্ত তার অটোগ্রাফটি আর নেওয়া হয়নি।

শিরোনামহীন চলে গেলে দর্শক সংখ্যা কিছুটা কমতে শুরু করে। তাদের উজ্জীবিত করতে মঞ্চে হাজির হয় শ্রীলঙ্কার ফোক ব্যান্ড শক্তি। নিজেদের গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দলটির ভোকাল দর্শকদের শিখিয়ে দেন তাদের গানের একটি লাইন। আর সেই লাইন ধরেই তাদের সঙ্গে গাইলো দর্শকরা।

Image
শ্রীলঙ্কার ব্যান্ড শক্তি অন্যরকম এক পরিবেশনায় মাতিয়েছে দর্শকদের । ছবি- আবদুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীলঙ্কার ব্যান্ড শক্তি অন্যরকম এক পরিবেশনায় মাতিয়েছে দর্শকদের । ছবি- আবদুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ম্যান্ডোলিন, ঘাট্টাম, তবলা আর বাঁশির সুরে এক ভিন্ন আমেজ তৈরি করলো ব্যান্ডটি। ফিউশনের পাশাপাশি তারা পরিবেশন করলো 'ওয়ান্নাম' নামের একটি লোক গান, যেটিকে তারা ব্যাখা করলেন জীব জগতের সুর হিসেবে। তুমুল করতালির মাঝে দর্শক স্বাগত জানায় অতিথি এই ব্যান্ড দলটিকে।

নয়টা বেজে গেছে বহু আগেই। হঠাৎ মঞ্চে দেখা গেল ব্লুজ এবং জ্যাজ গিটারিস্ট শেখ সালেকিনকে। তারপর মঞ্চে উঠলেন সংগীত তারকা মিনার। জানালেন, তাদের ড্রামার একটি দুর্ঘটনার কবলে পড়ায় অনুষ্ঠানে আসতে পারেননি। তাই শেখ সালেকিন সঙ্গ দেবেন গিটারে।

দর্শকদের অনুরোধ রেখেই মিনার শোনালেন নতুন অ্যালবাম 'আহারে' থেকে 'তুমি কোথায়?' এবং 'আহারে'। দর্শকদের অনুরোধ ছিল শেখ সালেকিনের কণ্ঠে 'সুখী মানুষের গান' শোনার। তবে সালেকিন জানালেন, আপাতত শুধু মিনারের গানই চলবে। সবশেষে মিনার গাইলেন তার সবচেয়ে জনপ্রিয় গান 'সাদা'।

এবার সবশেষ ব্যান্ডদল চিরকুটের পালা। একে একে গিটার, ব্যাঞ্জো আর ম্যান্ডোলিন নিয়ে মঞ্চে উঠলেন ব্যান্ডটির প্রতিভাবান গিটারিস্ট ইমন চৌধুরি। ভায়োলিন বাদক পিন্টো ঘোষের সঙ্গে বাজিয়ে দুজনই ঝালাই করে নিলেন নিজেদের যন্ত্রের সুর। ভোকাল সুমি এলেন, আর সাথে সাথেই ইমনের গিটারে বেজে উঠলো চেনা এক সুর। 'ধন ধান্য পুষ্প ভরা' গানটি গাইলো চিরকুট, গাওয়ালো দর্শকদের দিয়েও।

সবাইকে শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে সুমি বললেন, "এটাই আমাদের দেশ, আর এটাই আমাদের দেশের গান। আমরা আমাদের দেশ, আমাদের গান নিয়ে গর্বিত।"

একে একে চিরকুট শোনালো 'বন্ধু', 'কি সাপে দংশিলো', 'জাদুর শহর'। শেষ আকর্ষণ হিসেবে ছিল ভারতের বিখ্যাত বেহালা বাদক এল সুব্রামানিয়ামের ছেলে আম্বি সুব্রামানিয়ামের বেহালার সঙ্গে ইমনের গিটার দ্বৈরথ। দর্শকের অনুরোধে চিরকুট গাইলো 'কানামাছি' গানটি। সঙ্গে অতিথি হিসেবে গানটি গাইলেন ভারতের বিখ্যাত প্লেব্যাক শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির মেয়ে বিন্দু, সঙ্গে ভাগাভাগি করে বেহালা বাজালেন আম্বি এবং পিন্টো ঘোষ। দর্শকরা তখন আর কেউ আসনে বসে নেই, চলে এসেছেন মঞ্চের সামনে। সবাই একসঙ্গে গেয়ে সমাপ্তি টানলেন অসাধারণ একটি উৎসবের।