২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গেইম অফ থ্রোন্স'- এ বলিউডি নায়ক

জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অফ থ্রোন্স'- এর পরবর্তী সিজনে দেখা যেতে পারে ভারতীয় অভিনেতা নিল নিতিন মুকেশকে। 'নিউ ইয়র্ক' খ্যাত এই অভিনেতা নিজেই জানিয়েছেন, তাকে মার্কিন নেটওয়ার্ক এইচবিওর এই সিরিজের ষষ্ঠ সিজনে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 02:41 PM

Updated : 26 Jul 2022, 12:07 PM

'প্রেম রাতান ধান পায়ো' সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নিল। সিনেমায় অ্যাকশন দৃশ্যের পরিচালক হিসেবে আছেন গ্রেগ পাওয়েল, যিনি কিনা 'গেইম অফ থ্রোন্স' - এও একই দায়িত্ব পালন করছেন।

গ্রেগের তত্ত্বাবধানে টানা এক মাস তলোয়ার চালনা শিখতে হয়েছে নিলকে। আর সেখানেই নৈপুণ্য দেখিয়ে গ্রেগের নজরে পড়েন এই অভিনেতা।

নিজেকে 'গেইম অফ থ্রোন্স' এর বড় ভক্ত দাবি করে মুম্বাই মিররকে নিল বলেন, "গ্রেগ নিজেই আমাকে চরিত্রটি করার প্রস্তাব দেন"। নভেম্বরের শেষেই সিরিজটির সংশ্লিষ্ট কর্মকর্তারা নিলের সঙ্গে দেখা করবেন।

তিনি আরো জানান, সিরিজে খালিসি, জন স্নো এবং টিরিওন ল্যানিস্টার তার প্রিয় চরিত্র। চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়াতে আপত্তি নেই বলেও জানান বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নিতিন মুকেশ তনয় ।