ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা: সাহিত্যিক-নির্মাতাদের প্রতিবাদ চলছে
ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা ও মুক্ত মত প্রকাশে বাধার প্রতিবাদে রাষ্ট্রীয় সম্মাননা ফেরালেন ২৪ জন সাহিত্যিক-চলচ্চিত্রকার। এদের মধ্যে রয়েছেন লেখিকা ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়, চিত্রনাট্যকার ও নির্মাতা সাইয়ি্যদ মির্জা এবং নির্মাতা কুন্দন শাহ।
এছাড়াও চিত্রগ্রাহক বিরেন্দ্র সাইনি, পরিচালক সঞ্জয় কাক, মধুশ্রী দত্ত, চিত্রগ্রাহক রঞ্জন পালিত, পরিচালক তপন বোস ও আনোয়ার জামালের মতো শিল্পীরা রয়েছেন পুরস্কার ফেরানোদের তালিকায়।
এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে শিল্পীরা ভারতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে সরকারের নজর ফেরাতে চান বলে জানিয়েছেন। তারা সরকারকে অবহিত করতে চান তাদের ভয়ের ব্যাপারে, যে ভারতের গণতন্ত্রের মানদণ্ড আজ ভেঙে পড়তে চলেছে।
সেই সঙ্গে আগে যে ১২ নির্মাতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন, তাদের "ক্ষমতাসীন দলের নেতা ও সমর্থকরা যেভাবে হয়রানি করেছে" সে বিষয়ে হতাশাও প্রকাশ করেন এই ২৪ সাহিত্যিক ও নির্মাতা।
দিল্লীর দাদরি এলাকায় গরুর মাংস খাওয়ার গুজবে এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যা, কানাড়া ভাষার এক লেখকের খুন হওয়াসহ নানা ঘটনার প্রেক্ষিতে ৪০ সাহিত্যিক এবং ১০ নির্মাতা তাদের জাতীয় সম্মননা ফিরিয়ে দেন। ভারতীয় বিজ্ঞানীদের একটি সংগঠনও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রবন্ধে 'দ্য গড অফ স্মল থিংস' - এর লেখিকা অরুন্ধতী রায় লিখেছেন, "এই ভয়াবহ হত্যাগুলো আরো তীব্র অসুস্থতার লক্ষণ মাত্র। জীবীতদের জন্যও জীবন নরকতুল্য। লাখো দলিত, আদিবাসী, মুসলমান এবং খ্রীষ্টান আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে বাস করতে বাধ্য হচ্ছে। তারা জানে না কোত্থেকে, কখন হামলা হবে। "
অন্যদিকে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে কঠোর সমালোচনার শিকার হচ্ছেন বলিউড তারকা শাহরুখ খান। তাকে 'পাকিস্তানি গুপ্তচর' বলেও আখ্যায়িত করেছেন সরকার দলীয় কয়েকজন নেতা।
