আত্মহত্যা ছাড়া পথ ছিল না রবিনের?
মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের মৃত্যুর বছর পেরুনোর পর সে বিষয়ে খোলাখুলি কথা বললেন তার স্ত্রী সুজান উইলিয়ামস। জানালেন আত্মহত্যার পথ বেছে না নিলে, হয়তো আর বছর তিনেক বেঁচে থাকতে পারতেন রবিন।
এবিসি নেটওয়ার্কের 'গুড মর্নিং আমেরিকা' শোতে এসে এ কথা বলেন সুজান। নিজের চোখের সামনে মৃত্যুর কদিন আগেই কিভাবে স্বামীকে মুষড়ে পড়তে দেখেছেন তা তুলে ধরে সুজান বলেন, "আমরা দুঃস্বপ্নের মতো সময় পার করছিলাম।"
২০১৪ র আগস্টে মারা যাওয়ার আগে পারকিনসন্স রোগ ধরা পড়ে রবিনের। এছাড়াও বিষন্নতায় ভোগার সমস্যা ছিল আগে থেকেই। এছাড়ায় ডেমেনশিয়ায় আক্রান্ত হয়েছিলেন, যার ফলে স্মৃতিবিভ্রম, বিচক্ষণতা এবং মনোযোগের অভাবে ভুগছিলেন। সেই সঙ্গে ৬৩ বছর বয়সী এই অভিনেতা ধীরে ধীরে কথা বলার ক্ষমতাও হারাতে শুরু করেছিলেন।
এই সমস্যাগুলোর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত রবিন নেন বলে মনে করছেন তার স্ত্রী।
"যদি সে আসলেই ভাগ্যবান হতো, তাহলে আরও তিন বছর বেঁচে থাকতে পারতো। তবে, সে দিনগুলোও খুব একটা ভাল যেতো না তার।"
সুজান আরো বলেন, "আমার কাছে রবিন পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ"।
আত্মহত্যার পথটাই কি রবিনের জন্য একমাত্র পথ ছিল কি না এমন প্রশ্নের উত্তরে সুজান বলেন, "জীবনের নিয়ন্ত্রণ আবার হাতে নেবার জন্য রবিনের জন্য ওটাই সঠিক সিদ্ধান্ত ছিল। আমি ভেবে দেখেছি, বিশ্বাস করুন। তার মাথায় অনেক কিছু চলছিল। অনেক কিছু ভেবেচিন্তেই সে সিদ্ধান্তটি নিয়েছে। এবং এ জন্য আমি তাকে দোষ দেবো না, একেবারেই না।"
'ডেড পোয়েটস সোসাইটি', 'গুড উইল হান্টিং' এর মতো দুর্দান্ত কিছু সিনেমা উপহার দেওয়া অস্কারজয়ী অভিনেতা এবং কমেডিয়ান রবিন উইলিয়ামসের মৃত্যুতে চমকে গিয়েছিলেন তার ভক্তরা।
