হ্যালোউইনে বক্স-অফিসে আঁধার
হ্যালোউইনের ভূতুড়ে আবহ ছড়িয়ে পড়েছে বক্স-অফিসে। গত সপ্তাহে মুক্তি পাওয়া তারকাবহুল এবং বড় বাজেটের প্রায় সবগুলো সিনেমাই মুখ থুবড়ে পড়েছে। স্যান্ড্রা বুলক অভিনীত ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ এবং ব্র্যাডলি কুপার অভিনীত ‘বান্টর্’- এর মতো সিনেমা।
লাতিন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্মিত ব্যাঙ্গাত্মক ঘরানার সিনেমা ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ মুক্তি পেয়েছে ৩০ অক্টোবর। ইতোমধ্যেই এটি স্যান্ড্রা বুলকের ক্যারিয়ারের সবচেয়ে কম আয় করা সিনেমাতে পরিণত হয়েছে।
প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল মাত্র ৩৪ লাখ মার্কিন ডলার। প্রায় ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি ২ হাজার ২০২টি পর্দায় মুক্তি পায়।
হতাশ করেছে সমালোচকদের প্রশংসা পাওয়া 'বান্টর্' সিনেমাটিও। ওয়েইনস্টেইন কোম্পানির ব্যানারে কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি ২ হাজার ৯০০টি পর্দায় মুক্তি পেয়ে আয় করেছে মাত্র ৫০ লাখ ডলার। ২ কোটি ডলার বাজেটের সিনেমাটি নিয়ে ওয়েইনস্টেইনের এরিক লমিস জানান, “এটি একটি ছোট সিনেমা এবং খুব একটা অর্থও আমরা এর পেছনে খরচ করি নি। তবু আমরা সিনেমাটি থেকে আরো কিছু আশা করছি।”
এদিকে বক্স-অফিসে মার খেয়েছে ‘স্টিভ জবস’, ‘প্যারানরমাল অ্যাক্টিভিটিস: দ্য ঘোস্ট ডাইমেনশন’, ‘ট্রুথ’ এর মতো সিনেমাগুলোও। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সিনেমাগুলোর আয় কমেছে আশঙ্কাজনক হারে।
অক্টোবরে মুক্তি পাওয়া ‘দ্য মার্শান’ এখনও রয়েছে শীর্ষে। ইতোমধ্যেই সিনেমাটি আয় করে নিয়েছে ১৮ কোটি ২৮ লাখ ডলার। নিজেদের জায়গা ধরে রেখেছে ‘গুজবাম্পস’ এবং ‘ব্রিজ অফ স্পাইস’ সিনেমা দুটিও। শুধু পরিবর্তন এসেছে চার এবং পাঁচ নম্বর স্থানে। অ্যানিমেটেড সিনেমা ‘হোটেল ট্রানসিলভানিয়া টু’ আছে চার নম্বর, আর ‘দ্য লাস্ট উইচ হান্টার’ আছে পাঁচ নম্বরে।
