শাহরুখের জন্মদিনে সালমানের শুভেচ্ছা
পঞ্চাশে পা দিয়েছেন শাহরুখ খান। আগামী মাসে নিজেও পঞ্চাশে পা দিতে যাওয়া সালমান জন্মদিনে বন্ধুকে জানালেন আন্তরিক শুভেচ্ছা।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, "আমি শাহরুখকে শুভ কামনা জানাই। তার ও তার পরিবারের সুস্থতা কামনা করি। তারা যেন সবচেয়ে চমৎকার জীবন পান। আমি আশা করি তার পুরো পরিবার সুস্থ থাকবে এবং শাহরুখের সন্তানরা তার নামকে বাঁচিয়ে রাখবে এবং শাহরুখের অর্জনকেও ছাড়িয়ে যাবে।"
নব্বইয়ের দশকের শুরুতে শাহরুখ যখন সিনেমায় পা রাখেন, সালমান ততদিনে তারকা বনে গেছেন। প্রায় একই বয়সী এই দুই অভিনেতার বন্ধুত্ব হতে সময় লাগেনি। একসঙ্গে তারা অভিনয় করেন সুপারহিট সিনেমা 'কারান-অর্জুন'-এ। এরপর বিভিন্ন একে অপরের সিনেমায় অতিথি শিল্পী হিসেবে আবির্ভূত হয়েছেন বেশ কয়েকবার। ২০০৭ সালে তাদের বন্ধুত্বে ফাটল ধরে।
এরপর প্রায় ৭ বছর মুখ দেখাদেখি বন্ধ থাকলেও সালমানের ছোট বোন অর্পিতা খানের বিয়েতে সব ভেদাভেদ ভুলে আবার এক হন এই দুই মহাতারকা।
ডিসেম্বরেই নিজের জন্মদিন উদযাপন করবেন সালমান। ২৭ ডিসেম্বর সালমানও পঞ্চাশে পা দেবেন। যদিও কিছু দিন আগেই ঠাট্টা করে তিনি বলেন, অন্য সব তারকারা পঞ্চাশে পা দিচ্ছেন কিন্তু তিনি সাতাশে পা দেবেন।
