‘ফ্যান’-এর টিজারে এ কোন শাহরুখ!
নিজের ৫০তম জন্মদিনে শাহরুখ খান তার ভক্তদের পরিচয় করিয়ে দিলেন নিজের সবচেয়ে বড় ভক্তের সঙ্গে। ঠিকই ধরেছেন, নিজের নতুন সিনেমা ‘ফ্যান’- এর আরেকটি টিজার ট্রেইলার প্রকাশ করেছেন কিং খান। কিন্তু টিজারে দেখা দিলেন এ কোন শাহরুখ?
সবচেয়ে বড় তারকার সবচেয়ে বড় ভক্তের গল্প নিয়ে তৈরি হয়েছে শাহরুখের নতুন সিনেমা ‘ফ্যান’, যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।
দ্বিতীয় টিজারে সিনেমাটি সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন দর্শক। এখানে তারকা শাহরুখকে দেখানো হয়েছে আরিয়ান খান্না নামের একজন অভিনেতা হিসেবে, যার ভক্তের নাম গৌরব।
এখন পর্যন্ত এই গৌরব কে, তা দেখার জন্যেই মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষে সবার অপেক্ষার ইতি টেনে নিজের চেহারা দেখালেন সবচেয়ে বড় ফ্যান গৌরব।
কিশোর ভক্ত গৌরবের চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং শাহরুখ খান। তবে সিনেমায় তিনি আবির্ভূত হয়েছেন সম্পূর্ণ অন্যরকম এক অবতারে।
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘ফ্যান’ মুক্তি পাবে আগামী বছরের ১৬ এপ্রিল।
