জাতীয় পুরস্কার ফেরালেন ১০ ভারতীয় পরিচালক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ১০ জন ভারতীয় পরিচালক। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশে বার বার বাক স্বাধীনতার ওপর আক্রমণ চালানো হচ্ছে।
এনডিটিভি বলছে, লেখক ও শিল্পীদের পর এবার প্রতিবাদ জানাতে এ পথ বেছে নিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের ১০ জন পরিচালক। এদের মধ্যে আছেন 'খোসলা কা ঘোসলা' সিনেমার জন্য পুরস্কার প্রাপ্ত বাঙালি পরিচালক দিবাকর ব্যানার্জি।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতারা বলেন,
"যৌক্তিক ব্যক্তিদের খুন হওয়া কোনো বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা নয়। নিজেদের বিশ্বাস এবং মত প্রকাশের জন্য মানুষ খুন হচ্ছে ... আমরা যদি এখন প্রতিবাদ না করি, তাহলে আমরা বৈচিত্রকে মুছে ফেলার প্রক্রিয়ার অংশ হবে।"
সেপ্টেম্বরের শেষের দিকে খুন হন কানাড়া ভাষার প্রবীণ লেখক অধ্যাপক এমএম কালবুরগি। ধারণা করা হচ্ছে, নিজের লেখার জন্যেই একটি মহলের লক্ষ্যে পরিণত হয়েছিলেন তিনি। এছাড়া গরুর মাংস খাওয়ার গুজবের ভিত্তিতে এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। সেই সঙ্গে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউট অফ ইন্ডিয়ায় ছোট পর্দার এক স্বল্প পরিচিত অভিনেতাকে চেয়ারম্যান করায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান তারা।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের প্রগতিশীল নাগরিকদের জীবনের নিরাপত্তা চেয়েছেন নির্মাতারা। একই কারণে সম্প্রতি পদত্যাগ করেছেন এবং সাহিত্য একাডেমী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ৪০ জনের বেশি সাহিত্যিক।
