'সব পরম আর সৃজিতের কাছে'
দীর্ঘ দিন পর কেন্দ্রীয় চরিত্রে দেখা গেলো যীশু সেনগুপ্তকে। অঞ্জন দত্তর নতুন ‘ব্যোমকেশ বক্সী’ তিনি। স্বভাবতই নারী ভক্তের সংখ্যা এবার বাড়বে যীশুর, এমনটাই যখন ভাবছে সবাই, তখন খোদ যীশু শোনালেন হতাশার কথা। তিনি বলছেন বাজারে সৃজিত মুখোপাধ্যায় আর পরমব্রত চট্টোপাধ্যায়ের চাহিদাই বেশি।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে যিশু বলেন, “আমার বিয়ে হয়ে গিয়েছে তাই ফিমেল ফ্যানরা আর তত আমার কাছে আসে না। এখন সব পরম আর সৃজিতের কাছে। পরমের কাছে মহিলা ফ্যানেরা চলে গিয়েছিল বলে আমার কোনো দুঃখ নেই... কিন্তু সৃজিত...”
৪০ ছুঁই ছুঁই এই নির্মাতাকে ঘিরে নারীদের আগ্রহের কমতি নেই বলে জানালেন যীশু।
“ও বাবা! সৃজিত বিরাট প্লেয়ার। আপনি বুঝতেই পারবেন না কখন উইকেট চলে গিয়েছে। এখন সৃজিত-ই খেলছে। আর আমার মাঠে খেলার দিন শেষ। পুরোটাই নেট প্র্যাকটিস।”
আরো বলেন, “আমার কোনো দিন ইগো ছিল না। কক্ষনো ভাবিনি কেন ওরা কাজ পাচ্ছে, আমি পাচ্ছি না। এটুকু বুঝেছিলাম, ইন্ডাস্ট্রিতে নব্বই শতাংশ কপাল আর দশ শতাংশ ট্যালেন্ট। বিশ্বাস রাখতাম ওই টেন পার্সেন্টেই। সেই বিশ্বাসটা দিয়েছিল ঋতুদা। ঋতুদা ওই বিশ্বাসটা না দিলে কী হতো, আমি জানি না। তবে কোনো দিন কাউকে হিংসে করিনি।”
দু দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের দেখা তেমন একটা মেলেনি। তবে খুব একটা আক্ষেপ নেই এই অভিনেতার।
“ভাল হতো না। আজকে আমি ম্যাচিওর্ড। তখন হলে বখে যেতাম। দুটো বাজে কথা বলতাম, কলার তুলতাম, পার্টি দিতাম। আজকে জানি স্টেপ আউট করার কোনও মানেই নেই। খেলছি তো টেস্ট।
