গীতার জন্য 'বাজরাঙ্গি ভাইজান'-এর বার্তা
‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার ছোট্ট মেয়ে মুন্নির মতোই অবশেষে নিজের দেশে ফিরে আসতে পেরেছে পাকিস্তানে আটকে পড়া মুক-বধির ভারতীয় কিশোরী গীতা। আর বাস্তবের মুন্নিকে স্বাগত জানাতে ভোলেননি পর্দার 'বাজরাঙ্গি ভাইজান' সালমান খান।
২৬ অক্টোবর টুইটারে সালমান লেখেন, দুটি দেশ একসঙ্গে কাজ করে একটি মেয়েকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনল। একেই বলে ভালোবাসার শক্তি। নিজের বাড়িতে তোমায় স্বাগতম গীতা।"
ঈদ-উল-ফিতরে সালমানের সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তি পাওয়ার পর গীতার গল্প উঠে আসে। সিনেমায় দেখানো হয়, পাকিস্তানি এক বোবা মেয়ে মুন্নি ভারতে হারিয়ে যায় আর তাকে দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় এক যুবক।
অনেকটা এমনই ঘটেছিল গীতার সঙ্গে। ডিএনএ বলছে, ২০০৪ সালে ভারতের পাঞ্জাবের এক মেলায় হারিয়ে যায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী গীতা। এরপর সীমানা পেরিয়ে সে চলে যায় পাকিস্তানে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী তাকে তুলে দেয় ঈদি ফাউন্ডেশনের হাতে। দাতব্য এই সংস্থার তত্ত্বাবধানে ১৫ বছর কাটিয়েছেন গীতা।
পাকিস্তানে গীতার অভিভাবকের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের প্রধান বিলকিস ঈদি, গীতা নামটিও তারই দেয়া।
গীতা সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। ‘বাজরাঙ্গি ভাইজান’- এর পরিচালক কবির খান জানান, শিগগিরই সালমানের সঙ্গে গীতার সাক্ষাতের ব্যবস্থা করবেন তারা।
