২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেই অ্যাডেলের রেকর্ড

চার বছর ছিলেন বিরতিতে। বিরতি থেকে ফিরেই গড়লেন রেকর্ড! ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যাডেলের নতুন মিউজিক ভিডিও ‘হ্যালো’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে গানটি দেখা হয়েছে ২ কোটি ৭ লাখেরও বেশি বার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 03:47 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

এর আগে মার্কিন সঙ্গীত তারকা টেইলর সুইফটের ‘ব্যাড ব্লাড’ মিউজিক ভিডিওটির দখলে ছিল এক দিনে সবচেয়ে বেশি বার দেখার রেকর্ড। সে গানটিও ২ কোটি বারের বেশি দেখা হয়েছিল একদিনে। অ্যাডেলের ‘হ্যালো’ ছাড়িয়ে গেছে সে রেকর্ড।

২০১১ সালে ‘টোয়েন্টি ওয়ান’ অ্যালবামটি বের হওয়ার পর অনির্দিষ্ট কালের জন্য বিরতিতে চলে যান অ্যাডেল। হিটের তকমা তো লেগেছিলই, গ্র্যামি আসরে ছয়টি পুরস্কার বগলদাবা করেছিলেন অ্যাডেল তার সেই অ্যালবামের জন্য।

চার বছর বিরতির পর ‘হ্যালো’ গানটিই অ্যাডেলের মুক্তি পাওয়া প্রথম সিঙ্গেল, যেটি থাকবে নভেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা অ্যাডেলের নতুন অ্যালবাম ‘টোয়েন্টি ফাইভ’- এ।

সপ্তাহান্তের আগে অবশ্য জানা যাবে না গানটি মোট কতবার ডাউনলোড করা হয়েছে। তবে বিলবোর্ড ডটকম বলছে, অনলাইনে গানটি বিক্রির সংখ্যাও একটি নতুন রেকর্ড হতে পারে। ধারণা করা হচ্ছে, প্রথম দুদিনে ‘হ্যালো’ বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখেরও বেশি।