আবারও বক্স-অফিসে শীর্ষে 'দ্য মার্শান'
এক সপ্তাহের জন্য শীর্ষত্ব হারালেও আবার বক্স-অফিসে এক নম্বরে উঠে এসেছে মহাকাশ অভিযান নিয়ে নির্মিত সিনেমা 'দ্য মার্শান'। জ্যাক ব্ল্যাক অভিনীত 'দ্য গুজবাম্পস'কে টপকে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স-অফিস শীর্ষে চলে এসেছে রিডলি স্কট পরিচালিত সিনেমাটি।
মুক্তির চতুর্থ সপ্তাহে টিকিট বিক্রি থেকে সিনেমাটি আয়ের খাতায় যোগ করেছে আরো ১ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। বক্স-অফিস ট্র্যাকার রেনট্রাকের রিপোর্ট অনুযায়ী শুধু যুক্তরাষ্ট্রেই ম্যাট ড্যামন অভিনীত সিনেমাটির আয় ছাড়িয়েছে ১৬ কোটি মার্কিন ডলার।
এদিকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া কমেডি-হরর সিনেমা 'দ্য গুজবাম্পস' এর চলতি সপ্তাহের শুরুটা ভাল হয়নি একেবারেই। গত সপ্তাহের চেয়ে ৩৪ শতাংশ আয় কমে চলতি সপ্তাহে সিনেমাটি আয় করেছে মাত্র ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।
বক্স-অফিসে তেমন সুবিধাজনক অবিস্থানে নেই পরিচালক স্টিভেন স্পিলবার্গের স্পাই-থ্রিলার 'ব্রিজ অফ স্পাইস'। তৃতীয় স্থানে থাকা সিনেমাটির চলতি সপ্তাহে আয় মাত্র ১ কোটি ১৪ লাখ মার্কিন ডলার।
অন্য যে সিনেমাগুলো শীর্ষ দশে রয়েছে সেগুলো হলো, 'দ্য লাস্ট উইচ হান্টার' (১ কোটি ৮ লাখ মার্কিন ডলার), হোটেল ট্রানসিলভানিয়া টু (৯০ লাখ মার্কিন ডলার ), 'প্যারানরমাল একটিভিটি: দ্য ঘোস্ট ডিমেনিশন' (৮২ লাখ মার্কিন ডলার), 'স্টিভ জবস' (৭৩ লাখ মার্কিন ডলার), 'ক্রিমসন পিক' (৫৬ লাখ মার্কিন ডলার), 'দ্য ইন্টার্ন' (৩৯ লাখ মার্কিন ডলার) এবং 'সিকারিও' (২৯ লাখ মার্কিন ডলার)।
