‘লন্ডন ঠুমাকদা’ শিল্পীর মৃতদেহ মিললো ফ্ল্যাটে
মুম্বাইয়ের গোরেগাও এলাকায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহ মিলেছে ‘লন্ডন ঠুমাকদা’ খ্যাত পাঞ্জাবী কণ্ঠশিল্পী লাভ জানুজার।
এনডিটিভি বলছে, বৃহস্পতিবার মুম্বাইয়ের গোরেগাও এলাকায় নিজের অ্যাপার্টমেন্টে মৃতদেহ পাওয়া যায় এই শিল্পীর। ‘সন্দেহজনক অবস্থায়’ জানুজার দেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য কপার হাসপাতালে পাঠান হয়েছে। পুলিশ তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে শুরু করেছে।
৫৭ বছর বয়সী পাঞ্জাবী শিল্পী জানুজা বলিউডে পাঞ্জাবী ধাঁচের হিট গানের শিল্পী হিসেবে পরিচিত। সাম্প্রতিক হিট গানের মধ্যে ‘রাব নে বানা দো জোড়ি’ সিনেমায় সুনিধি চৌহানের সঙ্গে ‘চান্স পে ডান্স’, ‘সিং ইজ কিং’-এর ‘জি কারদা’ অন্যতম। তার গাওয়া ‘কুইন’ সিনেমার ‘লন্ডন ঠুমাকদা’ গানটি সাম্প্রতিক সময়ে খুবই জনপ্রিয় হয়।
‘ঢোল’ সিনেমার ‘ও ইয়ারা ঢোল বাজাকে’, ‘পার্টনার’ সিনেমার ‘সোনি দে নাখড়ে’ গানগুলো তার বলিউড জীবনের শুরুর দিকের জনপ্রিয় গান।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘সিং ইজ ব্লিং’-এর ‘দিল কারে চু চ্যা’ও গেয়েছেন জানুজা।
পাঞ্জাবী এমসির প্রযোজিত ‘মুন্ডিয়া তু বাচকে রাহি’ গানটি ১৯৯৮ সালে প্রকাশিত হওয়ার পর জানুজার খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে। ২০০৮ সালে যুক্তরাজ্যের গ্লাস্টনবেরি উৎসবে গানটির ট্র্যাক বাজিয়ে র্যাপ গান শোনান মার্কিন র্যাপার জেয় যি।
ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার খান্না শহরে জন্ম ও বেড়ে ওঠা জানুজার সংগীত শিক্ষা শুরু হয় সেখানেই।
