‘পাকিস্তানিদের সঙ্গে কাজ করা উচিত নয়’
ভারতীয় হিন্দু মৌলবাদী রাজনৈতিক দল শিব সেনার নজর এবার পড়েছে পাকিস্তানি অভিনয়শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খানের ওপর। বলিউডে কাজ করতে আসা এই দুই শিল্পীকে তাদের সিনেমার প্রচারে বাধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিব সেনা।
সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, মহারাষ্ট্রে এই দুই শিল্পী তাদের সিনেমার প্রচার চালাতে পারবেন না।
২০১৪ সালে সোনাম কাপুরের বিপরীতে ‘খুবসুরাত’ সিনেমার মাধ্যমে মুম্বাই সিনেপাড়ায় পা রাখেন পাকিস্তানের ফাওয়াদ খান। অপরদিকে সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে নতুন সিনেমা ‘রাইস’- এর মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী মাহিরা খানের।
এ বিষয়ে শিব সেনার সাধারণ সচিব আকশায় বারদাপুরকার বলেন, “আমরা এই উদ্যোগ নিয়েছি যেন মহারাষ্ট্রের মাটিতে কোনো পাকিস্তানি অভিনেতা, খেলোয়াড় কিংবা শিল্পী যেন পা রাখতে না পারে।”
অক্টোবরের শুরুতে ভারতে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় গজল শিল্পী গুলাম আলীর। কিন্তু শিব সেনার বাধার মুখে বাতিল হয়ে তার কনসার্ট।
তিনি আরও বলেন, “এসব পাকিস্তানি শিল্পীদের কারা ভারতে আনছেন, তা নিয়ে আমরা চিন্তিত নই। কারান জোহার, ফারহান আখতার, শাহরুখ খান এরা ভারতের সচেতন নাগরিক। আর যে কোনো সচেতন নাগরিকের উচিত পাকিস্তানিদের সঙ্গে সিনেমায় কাজ না করা।”
‘খুবসুরাত’এর পর ফাওয়াদ খান আরও দুটি হিন্দি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন। এর মধ্যে আছে কারান জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এতে আরও দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, রানবির কাপুর ও আনুশকা শর্মাকে।
আর মাহিরা খানের সিনেমা ‘রাইস’-এ শাহরুখ ছাড়াও অভিনয় করবেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের ঈদে।
