রানবির-দিপিকার রসায়নে বিব্রত ক্যাট!
সেলুলয়েডের বাইরের সম্পর্ক ভেঙ্গেছে অনেক আগেই। তবে পর্দায় প্রতিবার দিপিকা-রানবিরের রসায়ন জমে ওঠে চমৎকার ভাবে। আর এতেই হয়তো কিছুটা অস্বস্তিতে পড়েছেন রানবিরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
রানবির কাপুর ও দিপিকা পাড়ুকোনের নতুন সিনেমা 'তামাশা' নিয়ে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। এমনকি এই জুটির প্রশংসা করেছেন খোদ রানবিরের মা নিতু কাপুরও। কিন্তু শোনা যাচ্ছে, পর্দার এই জুটিকে সহজভাবে নিতে বেশ ঝামেলাই পোহাতে হচ্ছে ক্যাটরিনাকে।
সূত্রের বরাত দিয়ে ডিএনএ বলছে, 'তামাশা' সিনেমার কাজ শুরু হওয়ার পর থেকেই নিয়মিত এর খবর রেখেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।
সূত্রটি আরও বলছে, তিন খানের পর এখন রানবিরই বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। যার সঙ্গে পর্দায় রসায়ন তার জমে উঠবে, সে অভিনেত্রীকেই তার বিপরীতে নেয়ার কথা ভাববেন প্রযোজকরা।
যদিও পর্দার বাইরে ক্যাটরিনা-দিপিকার তেমন কোনো দ্বন্দ্ব নেই বললেই চলে। কিন্তু নায়িকাদের ইঁদুর দৌড়ে প্রতিযোগিতামূলক মনোভাব আছে দুজনের মধ্যেই।
'বোম্বে ভেলভেট'-এর ব্যর্থতার পর একাধারে মুক্তি পাচ্ছে রানবির অভিনীত 'তামাশা' ও 'জাগগা জাসুস', যার একটিতে আছেন দিপিকা আর অন্যটিতে ক্যাটরিনা। শোনা যাচ্ছে রানবিরের সাবেক প্রেমিকাকে টপকে যেতে এখন উঠে পড়ে লেগেছেন ক্যাট।
দর্শকদের কাছে রানবির-দিপিকার চেয়ে রানবির-ক্যাটরিনার জুটির গ্রহণযোগ্যতা বাড়াতে চান তিনি। এমনকি ক্যাটরিনার ব্যক্তিগত একটি পর্যবেক্ষক দল এ বিষয়ে নির্মাতাদের নির্দেশনাও দিয়েছেন বলে শোনা গেছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিপিকা-রানবির জুটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বেশ বুদ্ধিদীপ্ত একটি উত্তরই দেন তিনি, "দিপিকার সঙ্গে যে কোন অভিনেতাকেই পর্দায় মানায়। আমার মনে হয় আমাকে রানবির, রানভির দুজনের সঙ্গেই মানায়।"
২০০৮ সালে প্রেম করা শুরু করেন রানবির-দিপিকা, তবে এক বছরের বেশি টেকেনি তাদের সম্পর্ক। ওদিকে ২০১০ এ 'আজাব প্রেম কি গাজাব কাহানি'র সেটে ক্যাটের সঙ্গে পরিচয় হয় রানবিরের, এরপর প্রেম। বর্তমানে একসঙ্গে বসবাস করছেন তারা।
