বক্স-অফিস শীর্ষে ‘গুজবাম্পস’
এ সপ্তাহে হলিউডে বক্স-অফিসের শীর্ষস্থানটি দখল করে নিয়েছে ভৌতিক কমেডি ‘গুজবাম্পস’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি আয় করেছে ২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।
মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় শিশুতোষ ভৌতিক গল্পের লেখক আর এল স্টাইনের সৃষ্ট চরিত্রগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এতে স্টাইনের চরিত্রে অভিনয় করেছেন 'স্কুল অফ রক' খ্যাত অভিনেতা জ্যাক ব্ল্যাক। তার সৃষ্ট ভূত এবং প্রেতাত্মাগুলো বইয়ের পাতা থেকে বেরিয়ে পৃথিবী জুড়ে সৃষ্টি করে আতঙ্ক - এমন কাহিনি নিয়েই এগিয়েছে সিনেমাটি।
এদিকে শীর্ষ স্থান হারালেও বক্স-অফিসে সাফল্যের ধারা বহাল রেখেছে রিডলি স্কট পরিচালিত ‘দ্য মার্শান’। মুক্তির তৃতীয় সপ্তাহে ২ কোটি ১৫ লাখ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রের বাজারে 'দ্য মার্শান' স্পর্শ করতে চলেছে ১৫ কোটি মার্কিন ডলার আয়ের মাইলফলক।
এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ৩০ কোটি মার্কিন ডলার আয় করে ফেলেছে মহাকাশ অভিযান নিয়ে নির্মিত সিনেমাটি।
এদিকে ‘গুজবাম্পস’- এর কাছে কাছে হার মেনেছে স্টিভেন স্পিলবার্গের ‘ব্রিজ অফ স্পাইস’ এবং গিলের্মো দেল তোরোর ‘ক্রিমসন পার্ক’ সিনেমা দুটি।
১ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার আয় নিয়ে বক্স-অফিসের তৃতীয় স্থানে রয়েছে টম হ্যাঙ্কস অভিনীত‘ব্রিজ অফ স্পাইস’। অন্যদিকে গথিক রোমান্টিক ঘরানার সিনেমা ‘ক্রিমসন পিক’ রয়েছে চতুর্থ স্থানে, আয় করেছে ১ কোটি ২৮ লাখ মার্কিন ডলার।
