২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমটিভি অ্যাওয়ার্ড পেলেন প্রিয়াংকা

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের পালে সুসময়ের হাওয়া লেগেছে। কিছু দিন আগেই পিপলস চয়েস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। এবার এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে সম্মানিত হলেন। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:34 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

এমটিভি ইএমএ আসরে বেস্ট ইন্ডিয়ান অ্যাক্ট অ্যাওয়ার্ডটি গেছে প্রিয়াঙ্কার ঝুলিতে। সেরা হবার এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন মনিকা ডোগরা, ইন্দাস ক্রিড, দ্য স্কা ভেঙ্গারস এবং ইওর চিন এর মতো তারকা এবং ব্যান্ডকে। প্রিয়াঙ্কা এখন লড়ছেন বেস্ট আফ্রিকা অ্যাক্ট ডায়মন্ড প্লাটিনামজ অ্যাওয়ার্ডের জন্য।

এমটিভির তরফ থেকে বলা হয়, "বেস্ট ইন্ডিয়া অ্যাক্ট বিভাগের প্রতি তারকাই প্রতিভাবান। তারা প্রত্যেকেই বিজয়ের মুকুট ছিনিয়ে আনার যোগ্যতা রাখেন। তারপরেও, প্রিয়াংকা চোপড়াকে এই বিভাগের বিজয়ী হিসেবে স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত।"

২০১২ সালে সংগীত অঙ্গনে পা রাখেন ৩৩ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেত্রী। তার প্রথম একক 'ইন মাই সিটি' রাতারাতি জনপ্রিয়তা পায়। প্রথম সপ্তাহেই হিন্দি পপ চার্ট দখল করে নেয়া গানটি এক লাখ ত্রিশ হাজার কপিরও বেশি বিক্রি হয়। সেই সঙ্গে অর্জন করে তিন বার প্ল্যাটিনাম রেকর্ড হওয়ার সম্মান অর্জন করে।

'ইন মাই সিটি'র জন্য ২০১২ সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নারী শিল্পী, সেরা গান এবং সেরা ভিডিও - এই তিনটি বিভাগে মনোনয়ন পান প্রিয়াংকা।

প্রিয়াংকা এখন অভিনয় করছেন এবিসি নেটওয়ার্কের টিভি সিরিজ 'কোয়ান্টিকো'তে। সেপ্টেম্বরে শুরু হওয়া এই সিরিজের জন্য ইতোমধ্যেই তিনি পেয়েছেন পিপলস চয়েস অ্যাওয়ার্ডের মনোনয়ন।  

 এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস উপস্থাপনা করবেন ব্রিটিশ পপ তারকা এড শিরান এবং অস্ট্রেলিয়ান মডেল রুবি রোজ। বিজয়ী তারকাদের নাম ঘোষণা করা হবে ২৫শে অক্টোবর, ইতালির মিলানে বসবে সেই আসর।