২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লোহা লক্কড়ের বাণিজ্য করে...শিল্প কি বুঝবে!'

কপিরাইট কার্যালয়কে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনেই রাখার দাবী জানিয়েছে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশান (বামবা), মিউজিক ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি) এবং লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফর্মার্স সোসাইটি (বিএলসিপিএস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 12:08 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি কপিরাইট কার্যালয়কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আলাদা করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক (ডিপিডিটি)-এর সঙ্গে একীভূত করার প্রস্তাব দেয়া হয়েছে, যার বাস্তবায়ন ঘটলে শিল্প-সংস্কৃতিতে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে। 

বামবার সভাপতি শিল্পী হামিন আহমেদ বলেন, “বাণিজ্যিক চাহিদা আর শিল্প-সংস্কৃতির চাহিদা তো এক বিষয় নয়, তা কখনো এক হতে পারবে না। মেধাস্বত্ব অফিস স্থানান্তরিত করা হলে সংগীতশিল্পীরা বিপাকে পড়বেন।”

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু একযোগে বললেন,  “চলচ্চিত্র শিল্প যখন পাইরেসি সমস্যায় জর্জরিত, তখন নানা মহল নানাভাবে চলচ্চিত্রকে পিছিয়ে দিতে চাইছে। এমনই একটি অশুভ চক্র কপিরাইট অফিসকে সরিয়ে নিতে চেষ্টা করছে। এমন কার্যক্রমের বিরুদ্ধে আমরা চলচ্চিত্র পরিবার থেকেও একজোট হয়ে আন্দোলন করবো।”

শিল্পী এন্ড্রু কিশোর বলেন, “যারা লোহা-লক্কড়ের বাণিজ্য করে, তারা কি আর শিল্প-সংস্কৃতি বুঝবে? আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সংস্কৃতির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়- এমন কোনো সিদ্ধান্ত নেবেন না।”

বিএলসিপিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজিত মোস্তফা বলেন, “লাকী আখন্দ, আলাউদ্দিন আলীসহ অনেক শিল্পী-অভিনেতা-অভিনেত্রীরা শেষ বয়সে এসে আর্থিক সঙ্কটের সম্মুখীন হন। অথচ এই মেধাস্বত্ব আইন যদি যথাযথভাবে বলবৎ হত, তাদের মেধাস্বত্ব দেওয়া হতো সম্মানের সঙ্গে, তবে তাদের এমন অসুবিধার মুখোমুখি হতে হত না।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২ জুন প্রধানমন্ত্রীর কাযর্ালয়ে এক সভা শেষে সংস্কৃতি সচিব আক্‌তারী মমতাজ কপিরাইট কার্যালয় স্থানান্তর ইস্যুতে শিল্পী-কলাকুশলীদের মতামত জানতে চেয়েছেন। শিগগিরই সংস্কৃতি মন্ত্রণালয়ে এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সে সভায় তারা কপিরাইট অফিসকে সংস্কৃতি মন্ত্রণালয়েই রাখতে জোর দাবি জানাবেন। অন্যথায় বিভিন্ন মাধ্যমের শিল্পীদের নিয়ে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম আইনি লড়াইয়ের নামতে  প্রস্তুত বলে জানিয়েছেন ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ।