ভাত ছাড়া চলে না যে নায়িকার
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা 'রাজকাহিনী' মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে আর সেই সঙ্গে আলোচনায় চলে এসেছেন সিনেমার ১১ নারী চরিত্র।
এই এগারো নায়িকার একজন ঋদ্ধিমা ঘোষ। অন্য নায়িকারা যেখানে দৈহিক গড়ন আকর্ষণীয় রাখতে বেছে বেছে খান, এই নায়িকার সেখানে ভাত ছাড়া চলেই না।
পশ্চিবঙ্গের দৈনিক আজকালে তিনি লিখেছেন “আমি খু-উ-ব খেতে ভালবাসি। খাওয়া মানে সব কিছু খাওয়া। বেছে বেছে নয়। আসলে ডায়েট জিনিসটায় আমার মোটে বিশ্বাস নেই। আমি মনে করি, খাবার কতোটা খাব সে ব্যাপারটায় যদি সচেতনতা থাকে, তা হলেই যথেষ্ট। খাওয়ার একটা পরিমাণ থাকা খুব দরকার।”
ঋদ্ধিমা আরও লেখেন, রোগা হওয়ার কোনো ইচ্ছা নেই তার। তবে সুস্থ থাকতে চান আর তাই বাড়িতেই সেরে নেন খালি হাতে শরীর চর্চার কাজটি।
স্টার জলসা প্রচারিত ‘বউ কথা কউ’ ধারাবাহিকের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করা ঋদ্ধিমা এরপর অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। 'রাজকাহিনী' সিনেমায় ফাতিমা চরিত্রে দেখা যাবে তাকে।
