২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তবুও দর্শক নাটক দেখছে'

হালের টিভি নাটক নিয়ে খোদ শিল্পীদেরই অভিযোগের অন্ত নেই, আছে আক্ষেপও। কিন্তু প্রবীণ অভিনেতা, নির্দেশক আবুল হায়াত এবং সংগীতশিল্পী-অভিনেতা পার্থ বড়ুয়া বলছেন,  সমস্যা আছে সত্যি, কিন্তু দর্শক মুখ ফিরিয়ে নেননি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 06:28 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

গ্লিটজের সঙ্গে আলাপে আবুল হায়াত বলেন, ‘‘বাজেট কমে গেছে। তবুও মানের কমতি হয়নি। এমনকি এই বাজেটে ভাল কাজও হচ্ছে।"

আরও বললেন, “বর্তমানে নাটকের হালচাল ভালো। তবে চ্যানেলগুলোতে বিজ্ঞাপন বিরতির দৈর্ঘ্য বেড়েছে। আর এর মাঝেও মানুষ নাটক দেখছে।”

চললো স্মৃতিচারণও, “আগে সাধারণত বিটিভিতে বছরে দুই ঈদে দুটি নাটক হতো। যেগুলোর দৈর্ঘ্য ছিল ৬০ মিনিট। এই নাটক নির্মাণের ১০/১৫ দিন আগে শিল্পীদেরকে ডাকা হতো। চিত্রনাট্য দেওয়া হতো। তারপর ৪/৫ দিন ধরে হতো রিহার্সাল। পরে হতো রেকর্ডিং।”

“এত বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ছিল না আগে। মানুষ আনন্দ-বিনোদন বলতে বিটিভিকে চিনতো। নির্মাতা ও বিটিভি কলাকুশলীরা সে কথা মাথায় রেখেই নাটক বানাতো।”

এবারের ঈদে দুটি নাটক নির্মাণ করছেন আবুল হায়াত। এর একটি হলো রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ‘অন্তঃস্রোত’ এবং অন্যটি তার নিজের লেখা নাটক ‘আগমন’। এছাড়া বর্তমানে তিনি ১৭টি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন বলে জানালেন।   

অন্যদিকে পার্থ বড়ুয়া বলছেন, বিজ্ঞাপন প্রচারের নীতিমালা প্রণয়ন উচিৎ।   

গৌতম কৈরী পরিচালিত ‘অ্যান্টি ক্লক’ নাটকের সেটে গ্লিটজের সঙ্গে আলাপে পার্থ বড়ুয়া বলেন, “আমিও একজন টিভি নাটকের দর্শক। যখন নিজে কোনো চ্যানেলে নাটক দেখতে বসি, তখন বিরক্ত হয়ে যাই। এত বিজ্ঞাপন, যে নাটক দেখার আগ্রহ হারিয়ে ফেলি। এ অবস্থা দূর করতে অবিলম্বে সুষ্ঠ বিজ্ঞাপন প্রচার নীতিমালা প্রণয়ন প্রয়োজন, নতুবা হয়তো বাংলা নাটক থেকে মুখ ফিরিয়ে নেবে দর্শক।”

সেই সঙ্গে আরও বলেন, “নাটকপাড়ার হালচাল এখন তুলনামূলকভাবে খারাপ। কারণ বাজেট দিন দিন নিচের দিকে নামছে। আর বাজেট নেমে গেলে নাটকের মানও পড়ে যায়। ত্রুটি থেকে যায় দৃশ্যায়ন-সম্পাদনায়ও।”

এত চ্যানেলের ভিড়ে মানুষ নাটক দেখছে কি না এমন প্রশ্ন তুললে বললেন, “ একেবারেই যে মানুষ নাটক দেখছে না তা কিন্তু না, আবার দেখছে তাও না”।  

অমিতাভ রেজার চলচ্চিত্র ‘আয়নাবাজি’র শুটিং নিয়ে ব্যস্ততায় গান থেকে কিছুটা দূরে জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী। তবে ঈদের পর সাতটি গান নিয়ে ‘মুখোশ’ নামে আসছে তার পরবর্তী অ্যালবাম।