২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আজকাল সবাই পরিচালক হয়ে যাচ্ছে'

হালের টেলিভিশন নাটকের মান নিয়ে মোটেই সন্তুষ্ট নন অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান। প্রবীণ এই অভিনয়শিল্পী বলছেন, হুট করে পরিচালক বনে যাচ্ছেন অনেকেই।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইমতিয়াজ হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 10:43 AM

Updated : 25 Apr 2022, 01:54 PM

গ্লিটজের সঙ্গে আলাপে তারিক আনাম বলেন, “আজকাল অনেকেই লেখাপড়া না করে, কাজ না শিখে হুট করেই পরিচালক বনে যাচ্ছে। বিষয়টা মোটেই মঙ্গলজনক নয়।”

আরও বললেন, তাড়াহুড়ো করে নাটক বানানো হচ্ছে যেগুলোর মান একেবারেই ভাল হচ্ছে না।

“ভালো মানসম্মত কাজ বের হতে গেলে টাকা লাগে, সময় লাগে। সেগুলোর সুষম সমন্বয় কি হচ্ছে?”

এসব কিছুর পেছনে অর্থ সংকট একটি বড় কারণ বলে মনে করছেন তিনি।

“পরিস্থিতিটাই আসলে এমন হয়ে গেছে। টেলিফিল্ম নির্মাণে এখন দেখা যাচ্ছে তিন-চারদিন লাগছে। আবার যারা একটু বাজেট পাচ্ছেন তারা পাঁচ-সাত দিনে নির্মাণ কাজ শেষ করছেন। সুতরাং বাজেট যে অনেক বড় একটা ব্যাপার, এটা আমাদের সকলকে স্বীকার করতেই হবে।”

আগে কিভাবে কাজ হতো সে কথাও বললেন। 

“স্বাভাবিকভাবে আগে একটা নাটকের রিহার্সালই হতো চার দিন। ইনডোর রেকর্ডিং দুইদিন আর আউটডোর রেকর্ডিং হতো একদিন।”

“আগে এখনকার মত এত স্যাটেলাইট চ্যানেল ছিল না। সবেধন নীলমণি বলতে ছিল ওই বিটিভি, মানুষ বিনোদন বলতে বিটিভিকেই জানতো। বিটিভিও দর্শকদের কথা বিবেচনা করে দক্ষভাবেই সব কাজ নির্মাণ করতো। এজন্য অনেক আগে থেকে চিত্রনাট্য দিয়ে দেয়া হতো শিল্পীদের। শিল্পীরা চরিত্রানুযায়ী নিজেদের তৈরি করতো, অনুশীলন করতো। তারপর নাটকের রেকর্ডিং হতো।”

এখনকার শিল্পী-নির্মাতাদের নিয়ে বললেন, “অনেকে ভালো কাজ করছেন। তবে শেখার মনোভাব আরো প্রগাঢ় করতে হবে। কাজে মনোযোগী হতে হবে। কারণ, ভালো শিল্পী-নির্মাতা তো আর আকাশ থেকে পড়বে না। চট করে অভিনেতা-অভিনেত্রী হওয়ার চিন্তা বাদ দিয়ে অভিনয় শেখার প্রতি মনোনিবেশ করুন। তাহলে ঠকবেনা না, বরং জিতবেন। ”

মঞ্চ, টিভি নাটক এবং চলচ্চিত্রের অভিনেতা তারিক আনাম খান অভিনয় করেছেন ‘তথাপি’, ‘সংশপ্তক’, ‘বারো রকমের মানুষ’-এর মতো অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে। ‘জাগো’, ‘মেইড ইন বাংলাদেশ’, ‘ঘেটুপুত্র কমলা’ আর ‘পদ্মপাতার জল’ সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

কোন মাধ্যম তাকে বেশি টানে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার পরিচয় আমি একজন অভিনয়শিল্পী। আর একজন অভিনয়শিল্পী হিসেবে আমার সব মাধ্যমেই অভিনয় করতে হয়। তাই বলবো, মাধ্যম নয় অভিনয়টাই মূখ্য বিষয়। আর পছন্দক্রম যদি নিতান্ত করতেই হয়, তবে সে তালিকায় মঞ্চই আমার প্রথম পছন্দ।”