'কাট্টি বাট্টি'র আয়ের খাতা খালি
শুক্রবার মুক্তি পেয়ে বক্স-অফিসে তেমন একটা সাড়া জাগাতে পারেনি কাঙ্গানা রানাওয়াত এবং ইমরান খান অভিনীত নতুন সিনেমা ‘কাট্টি বাট্টি’। প্রথম দিন মোটে ৫ কোটি ২৮ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।
এমনকি নতুন মুখ সুরাজ পাঞ্চোলি এবং আথিয়া শেঠির সিনেমা ‘হিরো’র প্রথম দিনের আয়কে ছাড়াতে পারেনি সিনেমাটি। মুক্তির দিন সিনেমাটি আয় করেছিল ৬ কোটি রুপি। উল্লেখ্য, দুই সিনেমারই পরিচালক নিখিল আদভানি।
‘কাট্টি বাট্টি’ দেখতে শুক্রবার সকাল থেকেই হলে দর্শক সমাগম ছিল খুব কম। প্রেক্ষাগৃহে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ দর্শক এসেছে। তবে সন্ধ্যা থেকে দর্শকের সংখ্যা বাড়তে থাকে।
বানিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করেন, “ ‘কাট্টি বাট্টি’র ব্যবসা সন্ধ্যা এবং রাতে ভাল হয়েছে। শুক্রবারের আয় ৫ কোটি ২৮ লাখ রুপি।”
তারান আরও জানান, ভারতের বাইরে ৩ কোটি ৩১ লাখ রুপি আয়ে সক্ষম হয়েছে সিনেমাটি।
ব্যাপক প্রচারের কারণে মুক্তির অনেক আগে থেকেই সিনেমাটি আলোচনায় ছিল। রোমান্টিক থ্রিলার ঘরানার ‘কাট্টি বাট্টি’র গল্প এগিয়েছে পায়েল এবং ম্যাডিকে নিয়ে, পাঁচ বছর এক সঙ্গে থাকার পর যাদের সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি হয়।
