২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি সাবিনা-কবরী

পর্দায় কবরী যখন গাইছেন, ‘সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না’, কার সাধ্য তার দুঃখের সাথী না হওয়ার। কেবল ‘রংবাজ’ সিনেমার এই গানটিই নয় সাবিনা ইয়াসমিনের এমন অসংখ্য গান কবরীর ঠোঁটে ধ্রুপদী হয়ে উঠেছে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

ঢাকাই সিনেমার এই দুই কৃতী শিল্পী অভিনেত্রী সারাহ বেগম কবরী এবং গায়িকা সাবিনা ইয়াসমীন একত্রিত হলেন ঈদের বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমি আছি থাকবো’র বদৌলতে। আড্ডায় তারা শোনাবেন ফেলে আসা সোনালী দিনের নানা কথা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

এটিএন বাংলা প্রেস অ্যান্ড পাবলিকেশন্সের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসিরুল কবির টুটুল গ্লিটজকে জানান, “সাবিনা ইয়াসমীন-কবরী এবং মাহফুজ আহমেদের চমৎকার আড্ডা, গান আর গুণী ব্যাক্তিদের আলোচনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলবে।”

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীনকে নিয়ে স্মৃতিচারণ করবেন আলম খান, আনিসুল হক, গাজী মাজহারুল আনোয়ার এবং আলাউদ্দিন আলী।

সাবিনা ইয়াসমীনের কণ্ঠে মোট ১০টি গান পরিবেশিত হবে অনুষ্ঠানে। যেগুলোর মধ্যে থাকছে ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্য’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’, ‘আমি রজনীগন্ধ্যা ফুলের মতো’, ‘একটুস খানি দেখ’, ‘গুণ গুণ গুণ গান গাহিয়া’ গানগুলো।

রুমানা আফরোজের পরিচালনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমি আছি থাকবো’ প্রচারিত হবে ঈদের পর দিন রাত ১০টা ৪০ মিনিটে।