২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ধীরে ধীরে'র রেকর্ড

হৃত্বিক রোশান ও সোনাম কাপুর অভিনীত মিউজিক ভিডিও 'ধীরে ধীরে' রেকর্ড গড়েছে। প্রকাশিত হওয়ার তিন সপ্তাহের মধ্যে ইউটিউবে তিন কোটিবার দেখা হয়েছে মিউজিক ভিডিওটি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা 'আশিকি'র এই গানটি রিমেইক করেছেন র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। 'আশিকি' সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে গানটি রিমেইক করার উদ্যোগ নেন টি সিরিজের কর্ণধার গুলশান কুমারের ছেলে ভুশান কুমার।

ক্লাসিক গানটির রিমেইক করার সময় নির্মাতারা জানান, এখান থেকে কোনো আর্থিক লাভের আশা করছেন না তারা। গানটি থেকে যা লাভ হবে, সবটুকুই দাতব্য কর্মকাণ্ডে ব্যয় করা হবে।

এই ভিডিওতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি হৃত্বিক ও সোনাম।

গানটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। ২০ দিনের মধ্যে ইউটিউবে গানটি দেখেছেন ৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী।

তবে চলতি বছর ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা মিউজিক ভিডিওর রেকর্ডটি এখনও ধরে রেখেছে 'রয়' সিনেমার গান 'চিটিয়া কালাইয়া'। জানুয়ারিতে প্রকাশিত গানটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি বার।