'নিজের বাড়িতেই এলাম'
বাংলার মেয়ে তিনি। বাংলা নিয়ে তাই উচ্ছ্বাসের শেষ নেই সাবেক ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের। রবিবার ইউনিলিভার বাংলাদেশ আয়োজিত ট্রেসেমে ফ্যাশন শোতে বলিউডের এই বাঙালি নায়িকা জানিয়ে গেলেন, তিনি বাংলায় হাসেন, বাংলায় কাঁদেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ফ্যাশন শোয়ের শো স্টপার হিসেবে সুস্মিতা যখন মঞ্চে এলেন তখন ঘড়ির কাঁটায় বাজে দশটা।
লাল রঙের অফ শোল্ডার গাউনে এলেন সুস্মিতা। হাসিমুখে অভিবাদনের প্রত্যুত্তর দিলেন, দুষ্টু হেসে ছুঁড়লেন চুমু। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর দিকে যখন মাইক্রোফোনটি এগিয়ে দিচ্ছেন সঞ্চালক তখন প্রশ্ন ছুঁড়েছিলেন, ‘বাংলা না ইংরেজিতে?’ । সুস্মিতার তড়িৎ উত্তর, ‘আমি বাঙালি, আমি কিন্তু বাংলাতেও কথা বলতে পারি।”
মাইক্রোফোন হাতে নিয়ে সুস্মিতা বাংলাতেই বলেন, “নমস্কার ঢাকা। এ তো যেন আমার নিজের বাড়িতেই এলাম।”
ছবি-- আব্দুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর লস এঞ্জেলসে এক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুস্মিতা বলেন, “সেই সময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমি সেখানে গিয়েও পেয়েছি। আমার মিস ইউনিভার্স জেতার সাফল্য উদযাপনে রাস্তায় রাস্তায় খাবার বিলি করা হয়েছিল।”
সুস্মিতা জানালেন, এর আগেও দুবার বাংলাদেশে এসেছিলেন তিনি। ১৯৯৪ সালে এসেছিলেন প্রথমবারের মতো। তারপর ২০১১ সালে বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুটি শোরুম উদ্বোধন করতে ঢাকায় প্রথম এসেছিলেন সুস্মিতা সেন।
ছবি-- আব্দুল মান্নান দীপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মায়ের আদরের ‘টিটান’ সুস্মিতা বললেন, “আমার মা আমাকে টিটান বলে ডাকেন। তিনি সব সময় বলতেন, তুমি মা দূর্গার মেয়ে। সব সময় দূর্গার শক্তি নিয়ে পথ চলবে। এখানে র্যাম্পে মেয়েদের দেখে সে কথাটাই আবার মনে পড়ে গেল।”
২০ বছর আগে 'দস্তক' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সুস্মিতা সেন। এরও বছর দুয়েক আগে তার নামের সঙ্গে যুক্ত হয় মিস ইউনিভার্স খেতাব। 'দস্তক' ছবির পর তিনি ৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি সৃজিত মুখার্জি পরিচালিত 'নির্বাক'-এ অভিনয় করেন। এটাই তার অভিনীত প্রথম বাংলা ছবি।
ফ্যাশন শোয়ের পরিবেশনায় গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত ঋতুর প্রতিফলন ঘটানো হয়। র্যাম্পে হেটেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ও মেহজাবিন চৌধুরী।
স্বাগত বক্তব্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আকতার বলেন, “চুলের সৌন্দর্য বৃদ্ধিতে বিশ্বজুড়ে নারীদের আস্থার প্রতীক ট্রেসেমে। নারীকে তার হেয়ারস্টাইলে স্বাধীনতা দিতে পণ্যটি বিখ্যাত হেয়ার আটর্িস্টদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য। এই পণ্যটি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ”
