রীতি ভাঙতে আমার যত আনন্দ: লোপামুদ্রা
পশ্চিমবঙ্গের শিল্পী লোপামুদ্রা মিত্র সম্প্রতি বন্দরনগরী চট্টগ্রাম ঘুরে গেলেন। এক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিজে গেয়ে, ভক্তদের গাইয়ে মুগ্ধ করে গেলেন চট্টগ্রামবাসীকে।
ভারতীয় বাঙালি এই কণ্ঠশিল্পী একদিকে গানে যেমন মুগ্ধতা ছড়িয়েছেন অন্যদিকে গানের আগে-পরে-মাঝে কথার জাদুতে আচ্ছন্ন করে রেখেছিলেন শ্রোতা-ভক্তদের।
কবি জয় গোস্বামীর ‘বেণিমাধব’ গেয়ে খ্যাতি পাওয়া লোপামুদ্রা সংগীতজীবনে্রর প্রায় বিশ বছরে প্রথমবারের মতো চট্টগ্রামে আসেন শুক্রবার সকালে।
শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করতালির মাধ্যমে রাত আটটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে মঞ্চে তাকে স্বাগত জানানো হয়। তার আগমন উপলক্ষে মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ।
গান শুরুর আগেই নিজের ‘প্রিয় শহর চট্টগ্রামে’ এত পরে ডাক পাওয়ার জন্য অভিমানের কথা জানান তিনি। সংগীত নিয়ে তার নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে কবিতায় সুরারোপ করে গাওয়াটা লোপামুদ্রার অন্যতম কাজ এবং স্বীকৃতিও মিলেছে এই পথে। তিনি বাংলা কবিতাকে গানের সুরে বেঁধে তার চিরন্তন আবেদনকে দিয়েছেন ভিন্ন মাত্রা, ভিন্ন আমেজ।
এ বিষয়ে লোপামুদ্রা বলেন, “সুর যদি কবিতার গহীনে যে আবেদন, তার কাছাকাছি না পৌছায় তবে সে পরীক্ষাটা রীতিমত অপরাধ।”
কবিদের মধ্যে জয় গোস্বামীর ‘বেণিমাধব’ দিয়ে লোপামুদ্রার সেই পরীক্ষা-নিরীক্ষার শুরু। পরবর্তীতে করেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ এবং যার কাছে সংগীতের শুরু সেই সমীর চট্টোপাধ্যায়ের কবিতায় সুরারোপ।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আনন্দ সাংস্কৃতিক অংগন আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতীয় শিল্পী লোপামুদ্রা মিত্র। ছবি: মোস্তফা ইউসুফ
রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকের ‘তোমায় গান শোনাবে, তাই তো আমায় জাগিয়ে রাখ’ দিয়েই মুগ্ধতার পালা শুরু করেন শিল্পী। এরপর নোঙর করেন সুরের নানান বন্দরে।
পড়াশোনার অত্যধিক চাপে শৈশব হারিয়ে ফেলা শিশু-কিশোরদের জন্য ‘ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস/ও ছেলেরা খেলা ফেলে শুধু কেন পড়তে যাস’ গাইলেন রবীন্দ্রনাথের গানটি শেষে।
ঘাড় উঁচু করে আকাশ দেখবে কী, বইয়ের ভারে মেরুদণ্ড সোজা করে আমাদের শিশুরা এখন দাঁড়াতে পারে না বলে গাইতে গাইতেই আক্ষেপ ঝরলো শিল্পীর কন্ঠে।
আরও বললেন, “একে অপরকে পেছনে ফেলে ওপরে ওঠার অন্ধ বাসনার জন্য বাবা-মায়ের জন্যই শিশুদের ভুগতে হচ্ছে।”
এরপর গাইলেন জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা ‘আবার আসিব ফিরে’ এবং দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গান ‘ধন ধান্য পুষ্পভরা’ এবং ছড়া গান ‘একদিন হবু চন্দ্র রাজা’।
সম্ভাব্য ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়ে ধরলেন লালন সাইজির ‘বাড়ির পাশে আরশিনগর’।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আনন্দ সাংস্কৃতিক অংগন আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতীয় শিল্পী লোপামুদ্রা মিত্র। ছবি: মোস্তফা ইউসুফ
এরপর গাইলেন রবীন্দ্রনাথের ‘তোরা যে যা বলিস ভাই’, ‘হেমলক সোসাইটি’ সিনেমার গান ‘আমার মতো’, পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলনের সময় রচিত শঙ্খ ঘোষের কবিতা ‘যমুনাবতী’।
তারপর দর্শকদের অনুরোধে গাইলেন রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে’। আরও গাইলেন, লোকসংগীত ‘তোমায় হৃদ মাঝারে রাখবো’, ‘রিমিঝিমি পানিয়া বরষ গেলাই না...ছাতা ধর হে দেওরা’।
ঘণ্টা তিনেকের মঞ্চ পরিবেশনায় সবশেষে গাইলেন ‘বেণিমাধব’ অনেক অনুরোধে।
রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে প্রাথমিকভাবে শিল্পীজীবন শুরু হলেও আধুনিক বাংলা গানের জগতে অন্য মাত্রায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোপামুদ্রা। ২১টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন ১৯৯৬ সাল থেকে। এর মধ্যে রবীন্দ্রসংগীতের অ্যালবাম রয়েছে ১০টিরও বেশি, যার অধিকাংশই নিরীক্ষাধর্মী।
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে লোপামুদ্রা লোকসংগীত নিয়ে বেশ ব্যস্ত। অ্যালবাম প্রকাশের পাশাপাশি সম্পৃক্ত হয়েছেন দোহার ব্যান্ড আয়োজিত দ্য রুট মিউজিক ফেস্টিভ্যালের সঙ্গে। ভারতীয় সংগীতের শেকড় সন্ধানে উচ্চাঙ্গ থেকে একেবারেই অপ্রচলিত লোকসংগীত, নাটক ইত্যাদি নিয়ে আয়োজনটিতে বাংলাদেশিরাও অংশ নিচ্ছেন নিয়মিত।
