এ আর রহমানের বিরুদ্ধে ফতোয়া
হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে নির্মিত ইরানি চলচ্চিত্র 'মুহাম্মদ: মেসেঞ্জার অফ গড'-এর সংগীত পরিচালনা করায় অস্কারজয়ী সুরকার এ আর রহমানের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ভারতীয় সুন্নি মুসলমানদের একটি সংগঠন। সিনেমাটির নির্মাতা মাজিদ মাজিদির বিরুদ্ধেও ফতোয়া দেয়া হয়েছে।
ভারতীয় দৈনিক দ্য হিন্দু বলছে, রাজা একাডেমি নামের ধর্মীয় সংগঠনটি 'মুহাম্মদ'-এ ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ করে মুসলমানদের প্রতি সিনেমাটি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে।
আরও বলা হয়েছে, সিনেমাটির নাম গ্রহণযোগ্য নয়, কারণ এটির আপত্তিকর ব্যবহার করার মাধ্যমে মহানবী (সঃ)কে অপমান করা হতে পারে। সিনেমাটির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক গ্রহণ এবং সিনেমায় তাদের চরিত্রের প্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছে রাজা একাডেমি।
এছাড়া যাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া হয়েছে তাদের একবার করে কলেমা পড়া এবং বিয়ের বিধি সমূহ আরও একবার পালন করতে বলা হয়েছে।
বিশ্বব্যাপী মুসলমানদের সিনেমাটি দেখা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এই দাবী নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থও হয়েছেন তারা।
