২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'রক ব্যান্ডের প্রয়োজন আছে কি'

নজরুল সংগীত, রবীন্দ্র সংগীতকে অন্তরে ধারণ করার জন্য সেগুলো রক ঘরানার গানে পাল্টে ফেলার প্রয়োজন নেই বলেই মনে করেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 02:36 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

তিনি বলেন, “আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা জানি কাজী নজরুল ইসলামের সুরের ক্ষেত্রে অনেক সময় একটু বাহুল্য বা আধিক্য থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও আজকাল হচ্ছে। সবাই বলে এক্সপেরিমেন্টাল, নতুন জেনারেশনকে নাকি উদ্বুদ্ধ করার জন্য। আমার মনে হয়, যদি সঠিকভাবে উপস্থাপন করা যায়... এই প্রজন্মের ছেলেমেয়েরা... নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের গান তোমাদের ভেতরে অন্ত্যস্থ করার জন্য একটা রক ব্যান্ডের প্রয়োজন আছে? না। তারা যে সুরটা করে গেছেন, আমার মনে হয় সেই সঠিক সুরটা বজায় রেখেই আমরা গাইতে পারি। আমাদের ইচ্ছেটাই আসল।”

তার মতে, রবীন্দ্র-নজরুলের সৃষ্টি সঠিকভাবে তুলে ধরার দায়িত্ব অভিজ্ঞ ও বর্ষীয়ান শিল্পীদের।

তিনি আরও বলেন, “আমার গানের গলাটা খুব সহজ। কারণ আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম নিজেরা একটা বাণী রচনা করে সুর সৃষ্টি করে গেছেন। আমার মনে হয় বাড়তি করে তাদের সৃষ্টির সঙ্গে কিছু যুক্ত করার কোনো প্রয়োজন নাই। সুতরাং সৃষ্টি করা সুর, কথা নিয়ে যদি গানগুলো উপস্থাপন করি, আমার মনে হয় সেই গানের মাধুর্য, সৌন্দর্য আরও বৃদ্ধি পায়।”

ঢাকার সরকারি সংগীত কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার আয়োজিত সেমিনারে রবীন্দ্র-নজরুলের সৃষ্টি ও ব্যাক্তিগত সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন কাজী অনিন্দিতা।

সেমিনারে সংশ্লিষ্ঠ বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক গান পরিবেশন করেন শাহীন সামাদ, ডালিয়া নওশিন, শেলু বড়ুয়া, ফেরদৌস আরা, লিলি ইসলাম প্রমুখ। সেমিনারের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক শামীমা পারভীন। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন মিলনায়তনে।

প্রায় তিন ঘণ্টা বক্তব্য রাখার পাশাপাশি অনিন্দিতা বেশ কিছু গান গেয়ে শোনান, সবশেষে গেয়েছেন ‘প্রিয় যাই যাই বলো না’সহ আরও একটি লোক গান।

কাজী নজরুল ইসলামের সর্বকনিষ্ঠ সন্তান কাজী অনিরুদ্ধ ও কল্যানী কাজীর সন্তান অনিন্দিতা কাজী। টিভি সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ‘তারা টিভি’র কলকাতা স্টুডিওর প্রেসিডেন্ট হিসেবে কর্মরত অনিন্দিতা। তার সাম্প্রতিক প্রকাশনা ‘লাভ অ্যান্ড ডিজায়ার কাজী নজরুল ইসলাম’।