আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা?
সম্পর্ক ভাঙার পরও একসঙ্গে তারা উপহার দিয়েছেন ‘এক থা টাইগার’-এর মতো ব্যবসাসফল সিনেমা। সাবেক প্রেমিক-প্রেমিকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে আবারও পর্দায় দেখা যেতে পারে। অতুল অগ্নিহোত্রি প্রযোজিত নতুন সিনেমায় তাদের জুটি বাধার ইঙ্গিত দিয়েছেন খোদ সালমান।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান নিশ্চিত করেন, ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রির নতুন সিনেমায় কাজ করছেন তিনি। অতুলের সিনেমা ‘বডিগার্ড’-এ অভিনয় করেছিলেন সালমান। সেখানে আইটেম গানে ক্যাটরিনা কাইফের সঙ্গে নেচেছিলেন তিনি।
নতুন সিনেমাটি নিয়ে সালমান বললেন, “সিনেমাটিতে ক্যাটরিনা থাকলে আমি দারুণ খুশি হবো। কিন্তু আমি এর বেশি কিছু জানি না।”
শোনা যাচ্ছে, অ্যাকশন নির্ভর সিনেমাটি পরিচালনা করবেন ‘বাজরাঙ্গি ভাইজান’ খ্যাত নির্মাতা কবির খান। ক্যাটরিনা কাইফ যদি এই সিনেমায় যোগ দেন তবে এটি হবে এই ত্রয়ীর পঞ্চম সিনেমা। এর আগে ‘পার্টনার’, ‘ইয়ুভরাজ’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ এবং ‘এক থা টাইগার’-এ একসঙ্গে কাজ করেছেন সালমান, ক্যাটরিনা এবং কবির।
সালমান এই মুহূর্তে ব্যস্ত নিজের ব্যানারে দুই নতুন মুখ আথিয়া শেঠি এবং সুরাজ পাঞ্চোলির সিনেমা ‘হিরো’র প্রচার নিয়ে। এছাড়া্ও কাজ করছেন সুরাজ বারজাতিয়ার ‘প্রেম রাতান ধান পায়ো’ এবং আদিত্য চোপড়ার ‘সুলতান’-এ।
সিনেমা দুটি নিয়ে সালমান বলেন, “আমি ‘প্রেম রাতান ধান পায়ো’তে কাজ করছি। সেটার জন্য আমি ২০০ দিন বরাদ্দ করে রেখেছি। এছাড়া আমার হাতে রয়েছে ‘সুলতান’। সেটার জন্যও আমি সময় আলাদা করে রেখেছি।”
