শাকিবের সঙ্গে অপুর ‘রাজনীতি’
পিয়া বিপাশাকে হটিয়ে শাকিবের সঙ্গে ‘রাজনীতি’র মাঠে নামছেন অপু বিশ্বাস। পরিচালক এন এস বুলবুল বিশ্বাসের নতুন এই সিনেমায় আবারও জুটিবদ্ধ হচ্ছেন এই জুটি।
শাকিবের সঙ্গে ময়দানে থাকার কথা ছিল পিয়া বিপাশার। পরে শোনা গেল শর্ত ভঙ্গ করায় বাদ পড়েছেন তিনি। পরিচালক এন এস বুলবুল বিশ্বাস এরপর অপুর শরণাপন্ন হলেন।
“সিনেমার প্রধান নায়িকার চরিত্রটি পুরান ঢাকার এক প্রাণোচ্ছল তরুণীর। আমরা পিয়াকে বাদ দেওয়ার পর ভাবছিলাম অপু বিশ্বাসের কথাই। একদিন সাহস করে তাই অপুদিকে মেসেজ পাঠালাম। অপুদিকে প্রাথমিক আলাপে গল্প শোনালাম। তিনি রাজি হয়ে গেলেন। তিনি এত সহজে রাজি হবেন আমি ভাবিনি।”
আরও বলেন, “শাকিব-অপুর রসায়ন নিয়ে নতুন করে কিছু বলার নাই। খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করলেও আমি বেশ কিছু চমক জমিয়ে রেখেছি সিনেমাটির জন্য।”
এফডিসিতে গ্লিটজের সঙ্গে কথা হল অপু বিশ্বাসের।
“বুলবুল তরুণ পরিচালক, নবাগত - সেটা কিন্তু সমস্যা না। আমি দেখেছি গল্প আর চরিত্র কেমন। আমি গল্পটি শুনে রীতিমতো মুগ্ধ হয়েছি। বুলবুল শাকিবকে নিয়ে নেপালে গিয়ে বেশ কটি দৃশ্যের শুটিং করে এসেছে। আমি সেসব সিকোয়েন্স দেখেছি। তার মধ্যে চেষ্টা আছে ভালো কিছু করার।”
বুলবুল গ্লিটজকে জানালেন, পিয়া বিপাশাকে দেয়ার কারণ।
“সিনেমাটি সাইন করার সময়ই আমরা পিয়া বিপাশাকে অনুরোধ করেছিলাম, তিনি যেন কোনো বি গ্রেড সিনেমাতে অভিনয় না করেন। কম বাজেটের সিনেমাতে তিনি যেন সাইন না করেন এমন শর্তও ছিলো আমাদের। পিয়া বিপাশা রাজিও হয়েছিলেন। কিন্তু সিনেমাটির সাইন করার পর তিনি এমন একটি সিনেমাতে সাইন করে বসেন, যা একেবারে কম বাজেটের, বি গ্রেড সিনেমা।”
গ্লিটজ যোগাযোগ করেছিল পিয়া বিপাশার সঙ্গেও। কিন্তু তিনি বললেন, “অনেক কথা হয়েছে এসব নিয়ে। আমি সত্যি হতাশ। আমি কোনো কথা বলতে চাই না”।
বুলবুল জানালেন, ঈদ-উল-আযহার পরই শুরু হবে সিনেমাটির শুটিং।
