২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান, আমির যখন মিনিয়ন

মিনিয়নদের দলে যুক্ত হয়েছে নতুন কিছু মিনিয়ন। এরা আর কেউ নন, বলিউডের বাঘা বাঘা অভিনয়শিল্পীরা। টুইটারজুড়ে এখন ভেসে বেড়াচ্ছে সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চনের মিনিয়ন সংস্করণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 02:15 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

টুইটারে সালমানের মিনিয়ন সংস্করণের ছবি সম্প্রতি শেয়ার করেন পরিচালক কবির খানের স্ত্রী উপস্থাপিকা মিনি মাথুর। বিয়িং হিউম্যান ব্র্যান্ডের পোশাক পড়া সেই মিনিয়ন ছাড়াও দেখা গেছে 'দাবাং' সিনেমায় সালমান অভিনীত চরিত্র চুলবুল পান্ডের মিনিয়ন। ভক্তরা এগুলোর নাম দিয়েছে ‘সালমিনিয়ন’। 

ওদিকে আমিরের তিনটি ভিন্ন ভিন্ন মিনিয়ন সংস্করণ চোখে পড়েছে টুইটারে। এগুলোর মধ্যে পিকেরূপী মিনিয়নটিই সবচেয়ে আদুরে।

এছাড়াও আবির্ভূত হয়েছে অমিনিয়ন অর্থাৎ অমিতাভ বচ্চনের মিনিয়ন। বাদ পড়েননি ফারহান আখতারও। ‘ভাগ মিলখা ভাগ’- সিনেমায় তার অভিনীত মিলখা সিং চরিত্রটির আদলে মিনিয়ন তৈরি করেছে ভক্তরা।

'ডেসপিকেবল মি' সিরিজে প্রথম দেখা যায় অদ্ভূতুড়ে ভাষায় কথা বলা মিনিয়নদের। চলতি বছর মুক্তি পায় তাদের ওপর নির্মিত সিনেমা ‘মিনিয়ন্স’। শত কোটি ডলার আয় করে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল অ্যানিমেটেড সিনেমার তালিকায় নাম লিখিয়েছে এটি।