সুলভ মূল্যে অর্ণবের ‘তুই বল্লে’
এসেছে অর্ণবের নতুন সিঙ্গেল ‘তুই বল্লে’। কলকাতার দুই তরুণের কথা ও সুরে গানটিতে কেবল কণ্ঠ দিয়েছেন অর্ণব।
গানটি লিখেছেন কলকাতার প্রশান্ত সরকার, সুর ও সংগীতায়োজন প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। গানটির জন্য গিটার বাজিয়েছেন সায়ান চট্টোপাধ্যায়।
‘তুই বল্লে’ শিরোনামের গানটির প্রথম কয়েক লাইন-- “কখনও জানতে চাসনি তোকে কতোটা খুজেছি যে কীভাবে/ কখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথে শেষে কতো কীভাবে/ কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে/ তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে।”
অর্ণব তার ফেইসবুক পেইজে গানটি সম্পর্কে লিখেছেন, "অনেকদিন পর… কেউ একজন অনুভব করাল 'এটা আমার গান'।"
ছয় মিনিটের গানটি পরদিন থেকেই মোবাইলের ব্যাংকিং সেবার মাধ্যমে মাত্র বিশ টাকায় কেনার প্রস্তাব দিয়েছেন অর্নব। এক স্ট্যাটাসে তিনি জানান, নির্দিষ্ট নাম্বারে টাকা পাঠিয়ে ইমেইল আইডি পাঠালেই পাওয়া যাবে গানটি। সিঙ্গেলটি একই সঙ্গে অনলাইনেও পাওয়া যাচ্ছে।
অর্ণব জুলাই মাসে কলকাতায় এক অনুষ্ঠানে প্রথম প্রকাশ করেন ‘তুই বল্লে’। সেই সফরে নিজের সবর্শেষ প্রকাশিত অ্যালবাম ‘খুব ডুব’-এর প্রচারে বিভিন্ন কনসার্টের পাশাপাশি সংগীতভিত্তিক এক রিয়ালিটি শোয়ের অতিথি বিচারকের আসনে বসেন।
