২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার একা মেগান ফক্স

এবার বিচ্ছেদের খাতায় নাম লেখালেন মার্কিন অভিনেত্রী মেগান ফক্স। স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 03:58 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

সূত্রের বরাত দিয়ে ইউএস উইকলি বলছে, এই তারকা জুটির বিচ্ছেদ হয়েছে ছয় মাস আগেই। 

শেষবারের মতো দুজনকে একসঙ্গে দেখা গেছে চলতি বছরের জুনে, বেভারলি হিলসের এক রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে। তখনও বেশ ঘনিষ্ঠভাবেই ক্যামেরাবন্দি হয়েছিলেন দুজন।

ওদিকে পিপল ম্যাগাজিন বলছে, এই ধরনের বিচ্ছেদ নতুন নয় ফক্স-গ্রিন জুটির জন্য। দুই বছর প্রেমের পর ২০০৬ সালের নভেম্বরে আংটি বদল করেছিলেন তারা, কিন্তু ২০০৯ সালে নিজেদের বাগদান বাতিল করেন।

এক বছর বাদে আবারও আংটি বদল করেন দুজন, এরপর দেরি না করে গাঁটছড়া বেঁধে ফেলেন।

২০০৪ সালে টিভি সিরিজ ‘হোপ অ্যান্ড ফেইথ’-এর সেটে পরিচয় হয় ফক্স এবং গ্রিনের। ২০১০ সালে বিয়ে করেন তারা। ২৯ বছর বয়সী ফক্সের সঙ্গে ৪২ বছর বয়সী গ্রিনের রয়েছে দুই সন্তান।