ভেঙে গেল পিঙ্ক ফ্লয়েড
অবশেষে দীর্ঘ যাত্রার ইতি টেনেছে ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড। ব্যান্ডের অন্যতম সদস্য ডেভিড গিলমোর বলেন, রিচার্ড রাইটকে ছাড়া ব্যান্ড পুনর্গঠনের আর কোনো মানে নেই।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন গিলমোর। তিনি আরও বলেন, পিঙ্ক ফ্লয়েডের সময় শেষ হয়ে গেছে।
“আমি আর এই ব্যান্ডে কাজ করতে চাই না। ৪৮ বছর ধরে আমি পিঙ্ক ফ্লয়েডে কাজ করেছি। আমাদের যাত্রার শুরুর দিকের বছরগুলোতে রজার ওয়াটার্সের সঙ্গেও ছিলাম আমি। আমাদের সময় আমরা পার করে এসেছি, এখন বাকিটা সময় আমি নিজের মতো করে ব্যান্ডকে চালিয়ে নিতে চাই না। তাহলে তা প্রতারণা করা হবে।”
ব্যান্ডের কিবোর্ডিস্ট রিচার্ড রাইটের অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম চালিয়ে যাওয়া ঠিক হবে না বলে মত পিঙ্ক ফ্লয়েডের এই গিটারিস্টের। ২০০৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রাইট।
গিলমোর বলেন, “রিককে ছাড়া নতুন করে পিঙ্ক ফ্লয়েডের কার্যক্রম শুরু করা সম্পূর্ণ ভুল হবে।”
১৯৬৮ সালে ব্যান্ডের অন্যতম সদস্য সিড ব্যারেটের চলে যাওয়ার পর থেকেই মূলত পিঙ্ক ফ্লয়েডে ভাঙ্গন শুরু হয়।১৯৭৯ সালে ব্যান্ড ছেড়ে যান রিচার্ড রাইট। এরপর বিভিন্ন সময়ে সদস্যদের ফিরে আসা এবং চলে যাওয়ার মধ্যেই টিকে ছিল ব্রিটিশ ব্যান্ডটি।
গিলমোর আরও বলেন, “আমি অবশ্যই স্বীকার করি আমাদের অনেক ভক্ত আছেন যারা পিঙ্ক ফ্লয়েডকে এখনও আগের মতো করে চান। কিন্তু এটা আমার একার দায়িত্ব নয়। পিঙ্ক ফ্লয়েডকে আমার আর দরকার নেই, আমি ঐ পথে আর হাঁটতে চাই না।”
২০১৪ সালের নভেম্বরে প্রকাশিত হয় পিঙ্ক ফ্লয়েডের ১৫তম এবং শেষ স্টুডিও অ্যালবাম 'দ্য এন্ডলেস রিভার'। ২০০৫ সালে লাইভ এইড কনসার্টে শেষবারের মতো পারফর্ম করে ব্যান্ডটি।
