১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভার্মাকে না করেছিলাম ‘শোলে’র রিমেইক করতে’

চার দশক আগে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পির কালজয়ী হিন্দি সিনেমা ‘শোলে’। সিনেমাটির জনপ্রিয়তা ভারতে এখনও এতটাই অক্ষুণ্ণ যে পর্দায় বার বার ঘুরে ফিরে আসে ‘শোলে’র নানা বিষয়। নির্মাতা রাম গোপাল ভার্মা সিনেমাটির রিমেইকও করেন। কিন্তু তা দর্শক মোটেই গ্রহণ করেনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 02:47 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

এমনটা যে ঘটবে, সেটা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন রমেশ সিপ্পি। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, রাম গোপাল ভার্মাকে ‘শোলে’র রিমেইক করতে নিষেধও করেছিলেন তিনি।

“এই দুনিয়া খুবই চ্যালেঞ্জিং... তারা স্বত্বের অধিকার অর্জন করতে পারে। এবং কেউ যদি মনে করে তারা আরও ভাল সিনেমা তৈরি করতে পারবে, তাদের তা করা উচিৎ। তবে যারা রিমেইক করেছেন, তারা ব্যর্থ হয়েছেন। আমি তাকে (রাম গোপাল ভার্মা) পরামর্শ দিয়েছিলাম ‘শোলে’র রিমেইক না করতে।”

রমেশ আরও বলেন, “এমনকি আমি নিজেও এতে আবার হাত দেয়ার সাহস করিনি। কারণ মানুষ এখনও আসল ‘শোলে’কেই মনে রেখেছে। ‘শোলে’র রিমেইক করার পরামর্শ দেওয়াটা একদমই উচিৎ না।”

জয় এবং ভিরু নামের দুই অপরাধী বন্ধুকে নিয়ে এগিয়ে গেছে ‘শোলে’ সিনেমার গল্প, ভয়ঙ্কর দস্যু গা্ব্বার সিং-কে ধরার কাজে তাদেরকে লাগান এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। জয়-ভিরুর ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র। গাব্বার সিং-এর ভূমিকায় আমজাদ খান ছিলেন অনন্য।

২০০৭ সালে ‘আগ’ নামে সিনেমাটির রিমেইক তৈরি করেন রাম গোপাল ভার্মা। গাব্বার সিং-এর ভূমিকায় অমিতাভ বচ্চন এবং অন্যান্য চরিত্রে অজয় দেবগন, দক্ষিণের অভিনেতা মোহনলাল এবং সুস্মিতা সেনকে নিয়ে তৈরি সেই রিমেইক বক্স-অফিসে কেবল মুখ থুবড়েই পড়েনি, ভীষণভাবে সমালোচিতও হয়।