‘মিশন:ইম্পসিবল রৌগ নেশন’-আবার অসম্ভবকে সম্ভব করলেন হান্ট
ইথান হান্টকে ছাড়া অচল আইএমএফ-এর যে কোনো গুরুত্বপূর্ণ অভিযান। এমনকি, সিআইএ-এর চ্যালেঞ্জকেও পাত্তা দেন না অপ্রতিরোধ্য এই এজেন্ট। তবে অন্যদের কাছে হান্ট অপ্রতিরোধ্য হলেও স্বাধীন এক এজেন্টের কাছে তিনি ‘পরাজিত’। এমন জটিল প্রেক্ষাপটের সাথে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের ভক্তরা পরিচিত হলেও অভ্যস্ত নন। তবে সিরিজের পঞ্চম কিস্তি ‘রৌগ নেইশন’ নিঃসন্দেহে সব জটিলতার সমাপ্তি টেনেছে নিপুণ পারদর্শীতায়।
কাহিনি সংক্ষেপ
ক্রেমলিন এবং বুদাপেস্ট অভিযানের পর আইএমএফ মুখোমুখি এক দারুন সংকটের। ইথান হান্টকে দুষ্কৃতকারী এবং প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করে আদালতের নির্দেশনায় আইএমএফ এর সব কাজের ইতি টানে সিআইএ। এদিকে হান্ট সম্পূর্ণ নিশ্চিত, সিন্ডিকেট নামে এক অপরাধী সংগঠনের অস্তিত্বের ব্যাপারে। সিন্ডিকেট প্রধান, এক নির্বাসিত এজেন্ট সলোমন লেইনের দেখাও পেয়ে যায় সে। সিন্ডিকেটের হাতে বন্দি হলেও এলসা ফাউস্টের সহযোগিতায় ছাড়া পায় হান্ট।সিন্ডিকেটের অস্তিত্ব সিআইএ এর কাছে প্রমাণ করার দৃঢ় প্রচেষ্টায় লিপ্ত এবং সিআইএ-এর তাড়ায় পালিয়ে বেড়ানো হান্টের সহযোগিতায় এগিয়ে আসে তার আইএমএফ-এর সহকর্মী বেঞ্জি।
ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠান
সিনেমাটিতে প্রতিটি চরিত্রই, ব্যক্তি বনাম প্রতিষ্ঠানের আদর্শিক দ্বন্দ্বে লিপ্ত। পুরো ব্যাপারটিকে সাজানো হয়েছে কয়েকটি স্তরে। প্রাথমিকভাবে ব্যক্তি আর প্রতিষ্ঠানের লড়াই পরের ধাপে প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এবং তারপর ব্যক্তিত্বের সংঘাতে পরিণতি পায়।
‘রৌগ নেইশন’ বা স্বাধীনচেতা এই এজেন্টদের দ্বৈরথটা শুরু হয় আইএমএফ এর বিলুপ্তির মাধ্যমে। যেখানে হান্ট গত চারটি পর্বেই সিআইএ বিশ্বস্ত একজন গোয়েন্দা হিসেবে কাজ করে গেছেন, সেখানে হান্টের বিরুদ্ধেই সিআইএ-এর অভিযান। একই ব্যাপার লক্ষণীয় বেঞ্জি ডান, এলসা ফাউস্ট চরিত্রগুলোর ক্ষেত্রেও। তবে, আইএমএফ এর ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের একটি জমজমাট লড়াই।
যেখানে ‘পরাজিত’ হান্ট
টম ক্রুজ নিঃসন্দেহে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের আইকন। তার অভিনয় এবং স্টান্ট নৈপুণ্য তাকে ‘অসম্ভবকে সম্ভব’ করা এজেন্ট ইথান হান্টে পরিণত করেছে। চলন্ত ট্রেনে ঝুলে থাকা অবস্থায় অ্যাকশন দৃশ্যে অভিনয়, কিংবা সিডনিতে ভয়ানক গতিতে মোটরসাইকেল চালানো, বহুতল ভবন থেকে লাফ দেওয়ার সাহসিকতা কিংবা উড্ডয়নরত বিমানের দরজা ধরে ঝুলে থাকা- কি করেননি গত ১৯ বছর ধরে? ‘মিশন ইম্পসিবল’ সিরিজের পাঁচটি সিনেমাই যেন টম ক্রুজের বীরত্বগাঁথা।
তবে দুটি জায়গায় এবার পরাজিত হান্ট। বুদ্ধিমত্তায় তার হার স্বীকার করতে হয়েছে সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র এলসা ফাউস্টের কাছে। এমআই সিক্স-এর আন্ডার কাভার এজেন্ট ফাউস্টই এই সিনেমার নায়ক হয়ে দাড়ান। সম্ভাব্য সব ক্ষেত্রেই তিনি ছাড়িয়ে গেছেন হান্টকে, এমনকি শেষ লড়াইয়ে এসে তার সহযোগিতাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার চরিত্রায়নে অভিনেত্রী রেবেকা ফারগুসন প্রশংসার দাবীদার। নির্লিপ্ত ভঙ্গিমা আর আবেদনের মায়া জাগানো দুর্ধ্বর্ষ এক ‘স্বাধীন’ এজেন্টের ভূমিকায় তিনি অনন্য।
আরেকটি হার সিনেমার খলচরিত্রের কাছে। সলোমন লেইন এবং তার প্রতিষ্ঠান সিন্ডিকেইটের ধরা দিয়েও বার বার হাত ছাড়া হয়েছে। এমনকি, হান্টের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিতে পেরেছিল ব্রিটিশ ইন্টেলিজেন্স থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই সংগঠন। ঠাণ্ডা মাথার এই খলনায়ক লেইনের ভূমিকায় শন হ্যারিসের অভিনয় অনবদ্য।
জেরেমি রেনার, সাইমন পেগ, ভিং র্যামস, সাইমন ম্যাকবারনি, অ্যালেক বল্ডউইন- প্রত্যেকেই নিজের জায়গায় দেখিয়েছেন অসাধারণ অভিনয় নৈপুণ্য।
‘রৌগ’ এলসা ফাউস্ট
দ্বৈরথের তিন পর্ব
নিঃসন্দেহে সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ এর অ্যাকশন দৃশ্যগুলো। পুরো সিনেমার অ্যাকশনকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বের সূচনা অস্ট্রিয়ার ভিয়েনা সেট অপেরায়। মূল সংঘর্ষটা দেখা যায় মরক্কোর ক্যাসাব্লাঙ্কায়। শ্বাসরুদ্ধকর একটি চুরির পর মোটরবাইক দৌড়। শেষ পর্বটি বুদ্ধিমত্তার খেলা - যার সমাপ্তি ঘটে লন্ডনের সড়কে।
‘মিশন ইম্পসিবল’ সিরিজের চিরচেনা থিম সঙ্গীতে এসেছে দারুন অভিনবত্ব। সেই সঙ্গে সিনেমার প্রতিটি চরিত্রের মানসিক অবস্থান স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়েছে স্বতন্ত্র আবহ সঙ্গীত। সংলাপও বেশ মানানসই, তবে মাঝের দিকে সংলাপগুলো বহু ব্যবহারে কিছুটা জীর্ণ।একই ঘটনা ঘটেছে কিছু চরিত্রের গতিবিধির ক্ষেত্রেও। ব্র্যান্ড, বেঞ্জি এবং স্টিকেলের কর্মকাণ্ড আগে থেকেই আঁচ করা যাচ্ছিল।
শেষকথা
সব দিক বিবেচনায় হয়তো প্রথম সিনেমার পর এটিকেই সবচেয়ে সফল সিনেমা হিসেবে এগিয়ে রাখবেন এই সিরিজের ভক্তরা। আর এ কারণেই চলছে সিরিজের ষষ্ঠ কিস্তির নির্মানের পরিকল্পনা। ধারণা করা হচ্ছে, ২০১৬ তেই শুরু হয়ে যাবে কাজ। কাজেই ভক্তরা ইথান হান্টের দুঃসাহসী আরও কিছু অভিযান দেখার প্রস্তুতি নেয়া শুরু করতে পারেন।
