২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মুখে সালমানের ক্ষমা প্রার্থনা

১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী ইয়াকুব মেমনকে বাঁচানোর আহ্বান জানিয়ে বিপাকে পড়েছেন ভারতীয় অভিনেতা সালমান খান। শনিবার রাতে টুইটারে বেশ কয়েকটি পোস্টে, হামলার জন্য ইয়াকুবের ভাই টাইগার মেমনকে ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে পর দিনই ব্যাপক বিতর্কের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ‘দাবাং’ তারকা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 10:10 AM

Updated : 25 Apr 2022, 01:39 PM

নিজের বক্তব্যে অটল থাকলেও ‘ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায়’ বাবা সেলিম খানের অনুরোধে টুইটগুলি মুছে দেওয়া হলো বলে রবিবার বিকেলে জানান সালমান। এদিন বিকালেই শনিবার রাতে করা টুইটের প্রতিক্রিয়ায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যুব সংগঠনের ২০০ কর্মী তার বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নিরাপত্তার খাতিরে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের সামনে ৫০ জন পুলিশ মোতায়ন করা হয়। সামনের রাস্তায় দেওয়া হয় ব্যারিকেড।

পরে এই বিষয়ে ক্ষমা চেয়ে সালমান টু্ইট করেন, “আমি যা বলেছিলাম, তা হলো তার (টাইগার) জন্য ইয়াকুব মেমনের ফাঁসি হওয়া উচিৎ নয়। আমি কখনোই বলিনি, কিংবা বোঝাতে চাইনি ইয়াকুব নির্দোষ। আমাদের দেশের বিচার ব্যাবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে।”

পরের টুইটে তিনি আরও বলেন, “মুম্বাইয়ের বোমা হামলায় অনেক প্রাণহানি হয়েছে। এবং আমি বারবার বলেছি, এমনকি একটি নিরাপরাধ মানুষের হত্যা পুরো মানবতা হত্যার শামিল।”

“আমার বাবা বলেছেন, আমার উচিৎ আগের টুইটগুলো সরিয়ে ফেলা। কারণ, সেগুলো ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। আমি তাই সেগুলো সরিয়ে নিচ্ছি।”

“আমি আমার অজান্তে সৃষ্টি করা যে কোনো ভুল বোঝাবুঝির জন্য নিঃশর্ত ক্ষমা চাইছি।”

তবে সালমান এও বলেন, “যারা দাবি করছেন, আমার টুইট ধর্মের বিপক্ষে, তাদেরকে কঠিনভাবে নিষেধ করছি এরকম কিছু না ভাবার জন্য। আমি সব সময়ই বলেছি, সকল ধর্মবিশ্বাসকে আমি শ্রদ্ধা করি এবং ভবিষ্যতেও করবো।”

১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার অপরাধে মহারাষ্ট্রের আদালতে ইয়াকুব মেমনের ফাঁসির আদেশ হয়। মুম্বাইয়ের শেয়ার বাজার, জনপ্রিয় এক সিনেমা হল এবং দুটি মার্কেটে চালানো ঐ হামলায় নিহত হন ২৫৭ জন। আহত হন ৭১২ জন। ইয়াকুবের ফাঁসি ৩০ জুলাই কার্যকর হওয়ার কথা রয়েছে। 

এই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ইয়াকুবের ভাই ইব্রাহিম ওরফে টাইগার মেমন এবং কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম। টাইগার এবং দাউদ দুজনেই পলাতক। কথিত আছে তারা পাকিস্তানেই অবস্থান করছেন।

বিজেপির মুম্বাই শাখার সভাপতি আশিষ শেলার ইয়াকুব প্রসঙ্গে সালমানের বক্তব্যকে আখ্যা দিয়েছেন ‘প্রতিটি মুম্বাইবাসীর জন্য অপমানজনক’ হিসেবে।

শেলার আরও জানান ২০০২ সালে গাড়ি চাপা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া সালমানের জামিনও বাতিলের ব্যবস্থা করবেন তিনি।

মুম্বাই বোমা হামলার সরকারপক্ষীয় আইনজীবী উজ্জ্বল নিকামও সালমানের সমালোচনা করেছেন।

হিন্দি সিনেজগতের বাসিন্দারা অবশ্য এ ব্যাপারে নিশ্চুপ ছিলেন। তবে নির্মাতা সুধীর মিশ্র পাশে এসে দাঁড়িয়েছেন সালমানের। 
তিনি বলেন, "অনেক ভারতীয়ই তার এই দৃষ্টিভঙ্গীকে সমর্থন করছেন। দয়া করে তার সঙ্গে শ্রদ্ধা নিয়ে কথা বলুন এবং প্রতিক্রিয়া জানান।”

ফাঁসির আসামীকে বাঁচানোর আহ্বান সালমানের