২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ, গির্জা, সিনাগগে ইহুদি শিল্পীর পরিবেশনা 

এবার মসজিদ, গির্জা এবং সিনাগগে পিয়ানো বাজাবেন আর্জেন্টাইন-ইসরায়েলি এক শিল্পী। ঐক্য এবং সমতার বার্তা ছড়িয়ে দিতে চান তিনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 08:59 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

৭২ বছর বয়সী পিয়ানোবাদক ড্যানিয়েল ব্যারেনবোইমের ফেস্টিভ্যাল ব্যারেনবোইম ২০১৫ নামের বিশেষ এই আসর বসবে অগাস্টে, তার নিজ দেশ আর্জেন্টিনায়।

ব্যারেনবোইম জানান, ২ অগাস্ট থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরিসে অবস্থিত কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার নামের মসজিদে শুরু হবে অনুষ্ঠান। এরপর ইহুদি মন্দির টেম্পলো লিবারটাড সিগাগগে ৫ অগাস্ট এবং মেট্রোপলিটান ক্যাথেড্রাল চার্চে ৬ অগাস্ট বসবে পিয়ানোর বাদনের আসর।

পুরো উৎসবে ব্যারেনবোইমের সঙ্গে কাজ করবেন স্পেনভিত্তিক ওয়েস্ট-ইস্টার্ন ডিভান অর্কেস্ট্রা দল। যাদের মধ্যে বেশিরভাগ শিল্পী ইসরায়েল, ফিলিস্তিন, মিশর, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত।

এছাড়া ২৪ জুলাই এবং ৪ অগাস্ট বুয়েন্স এইরিসের কোলন থিয়েটারে পিয়ানো বাজাবেন ব্যারেনবোইম এবং তার দল।

ব্যারেনবোইম বলেন, "মধ্যপ্রাচ্যের সমস্যা এখন আর রাজনৈতিক পর্যায়ে থেমে নেই, এখন এটি মানবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।'"

ইহুদি এই পিয়ানোশিল্পী আরও জানান, সঙ্গীতের মাধ্যমে শক্তি পান তিনি। তার বিশ্বাস, সঙ্গীতের মাধ্যমে মানবজাতিকে এক করা সম্ভব।

প্রয়াত ফিলিস্তিনি বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদের সঙ্গে মিলে ১৯৯৯ সালে ইসরায়েলি এবং আরব শিল্পীদের নিয়ে ওয়েস্ট-ইস্টার্ন ডিভান অর্কেস্ট্রা দল গঠন করেন ব্যারেনবোইম।