বক্স-অফিসে শীর্ষে ‘অ্যান্ট-ম্যান’
যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েই বক্স-অফিসের শীর্ষে উঠে এসেছে পল রুড অভিনীত ‘অ্যান্ট-ম্যান’। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৫ কোটি ৮ লাখ ডলার।
এর মাধ্যমে ১২তম বারের মতো বক্স-অফিসের শীর্ষে ওঠার অভিজ্ঞতা হলো মার্ভেলের কোনো সুপারহিরো মুভির। ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান কিংবা থরের মতো অতি পরিচিত এবং জনপ্রিয় সুপারহিরো না হওয়া সত্ত্বেও ‘অ্যান্ট-ম্যান’-এর এই সাফল্য পাওয়াকে অনেক বড় করে দেখছেন নির্মাতারা।
অনেকে অবশ্য ধারণা করেছিলেন ছয় কোটি ডলার ছাড়িয়ে যাবে সিনেমাটির আয়। তবে অন্যান্যদের মতে মার্ভেলেরই আরেক সুপারহিরো মুভি ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এর মতোই হয়েছে ‘অ্যান্ট-ম্যান’-এর শুরু। সাড়ে পাঁচ কোটির আয় দিয়ে শুরু করে সিনেমাটি শেষ পর্যন্ত বক্স-অফিস থেকে উঠিয়ে নিয়েছিল ১৩ কোটি ৪ লাখ ডলার।
‘অ্যান্ট-ম্যান’ যুক্তরাষ্ট্রের বাইরেও ভাল ব্যবসা করছে। একই সময়ে মেক্সিকো, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়ায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘অ্যান্ট-ম্যান’-এর দাপটে তৃতীয় অবস্থানে থাকলেও ভালো আয় করেছে এমি শুমার পরিচালিত ‘ট্রেইনরেক’। ৩ কোটি ডলার আয় করে নিয়েছে সিনেমাটি। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘মিনিয়ন্স’ ৫ কোটি আয় করে রয়েছে দ্বিতীয় অবস্থানে।
