ভাষা ও নীরবতার দ্বন্দ্বে ক্ষ্যাপাটের নাটক
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের লেকচার থিয়েটার হলে নাটকটির দুটি প্রদর্শনী হবে।
ভাষা, নীরবতা ও মানুষের অস্তিত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে নাট্দল ক্ষ্যাপাটে মঞ্চে আসছে শাহমান মৈশানের রচিত অ্যাবসার্ড নাটক 'ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়'।
নাটকটির নির্দেশনায় রয়েছেন সনজিত কুমার দে। বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, শনিবার চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটের লেকচার থিয়েটার হলে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট এবং ৭ টা ১৫ মিনিটে নাটকটির দুইটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মানুষের অস্তিত্বের চিরাচরিত দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত এই নাটকটি সংলাপ ও নীরবতার মধ্য দিয়ে জন্ম, মৃত্যু, অপরাধ এবং যোগাযোগের অসম্ভবতাকে প্রতীকী ও নান্দনিক ভাষায় উপস্থাপন করেছে।
নাটকটি দেখার আহ্বান জানিয়ে নির্দেশক সনজিত বলেন, “আমরা এমন এক সময় পার করছি, যখন আমরা প্রতিনিয়ত নিজেকে নিয়ে নানামুখী প্রশ্নের সম্মুখীন হচ্ছি।
“ক্ষমতার কাছে মাথা নোয়ানো অথবা মাথা তুলে দাঁড়ানোর এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই এক দীর্ঘশ্বাস এর দুঃসময় পার করছি। সেই দুঃসময়ের রচনা দেখতে আসার আহ্বান আমরা সকলের প্রতি রাখছি। আপনাদের উপস্থিতি আমাদের সাহস জোগাবে।”
