১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্কার জয়ের পরদিনও আমি ছিলাম ‘কৃষাঙ্গ এক অভিনেত্রী’: হ্যালি বেরি

কৃষ্ণাঙ্গদের গল্প কীভাবে বলতে হবে, সেটা নিয়ে হলিউড এখনো দ্বিধায় ভোগে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি বলেছেন, চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদপূর্ণ পুরস্কার অস্কার জয় তার ক্যারিয়ারকে খুব একটা বদলে দিতে পারেনি। 

বেরির কথায়, কৃষ্ণাঙ্গদের গল্প কীভাবে বলতে হবে, সেটা নিয়ে হলিউড এখনো দ্বিধায় ভোগে। এ কারণে অস্কার জয়ের পরও তার কাজের সংখ্যা প্রায় ‘একই রয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন তিনি।

২০০২ সালে ‘মনস্টারস বল’ সিনেমার জন্য বেরি সেরা অভিনেত্রীর অস্কার জেতেন। তিনিই একমাত্র কৃষ্ণাঙ্গ নারী, যিনি এই বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেন।

‘দ্য গার্ডিয়ান’ বলছে নতুন সিনেমা ‘ক্রাইম ওয়ান জিরো ওয়ান’ প্রচারের সময় যুক্তরাষ্ট্রের বিনোদন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম ‘দ্য কাট’কে দেওয়া সাক্ষাৎকারে বেরি বলেন, “অস্কার জয়ের পর মনে হয়েছিল অনেক দরজা খুলে যাবে। ভেবেছিলাম বড় বড় সিনেমার চিত্রনাট্য একের পর এক আসবে। কিন্তু বাস্তবে খুব বেশি কিছু বদলায়নি।”

সে সময়কার উপলব্ধি তুলে ধরে বেরি বলেন, “নিজের অর্জন নিয়ে দারুণ গর্ব হচ্ছিল। কিন্তু অস্কার জয়ের পরদিন সকালেও সবার চোখে আমি একজন কৃষ্ণাঙ্গ নারীই ছিলাম”।

অনেক পরিচালকই কৃষ্ণাঙ্গ নারীকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়া নিয়ে দুইবার ভাবেন বলে জানিয়েছেন বেরি।

“অনেকে মনে করেন, কৃষ্ণাঙ্গ প্রধান চরিত্র থাকলে সেটি ‘ব্ল্যাক মুভি’ হয়ে যাবে এবং সেগুলো বিদেশে ভালো ব্যবসা করবে না।”

একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন অভিনেত্রী লুপিটা নিয়োঙ্গো। তিনি ২০১৪ সালে ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জেতেন।

গত বছর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্কার জয়ের পর তার কাছে আসা নতুন চরিত্রের পরিধি ছিল ‘অত্যন্ত সীমিত’।

লুপিটা জানান, তিনিও ভেবেছিলেন আরও বেশি কেন্দ্রীয় চরিত্রের প্রস্তাব পাবেন। কিন্তু বেশিরভাগ সময় তাকে একই ধরনের চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আবারও ভিন্ন প্রেক্ষাপটে ‘দাসত্বের গল্পে’ অভিনয়ের প্রস্তাব এসেছে।

এখন পর্যন্ত ৩০ জনের বেশি কৃষ্ণাঙ্গ অভিনেতা সেরা অভিনেতা শাখায় অস্কারের জন্য মনোনীত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী শাখায় ১৬ জন কৃষ্ণাঙ্গ নারী মনোনয়ন পেলেও, একমাত্র বিজয়ী এখনও হ্যালি বেরি।

পার্শ্ব চরিত্রের ক্ষেত্রে ২৫ জন কৃষ্ণাঙ্গ অভিনেতা সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন এবং সাতজন জিতেছেন, যাদের মধ্যে ‘সিনার্স’ তারকা ডেলরয় লিন্ডোও আছেন। 

সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় ৩২ জন কৃষ্ণাঙ্গ নারী মনোনয়ন পেয়েছেন এবং ১০ জন জয়ী হয়েছেন। 

চলতি বছর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার অভিনেত্রী টেয়ানা টেলরকে এই বিভাগে শক্তিশালী দাবিদার হিসেবে ধরা হচ্ছে।