২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অ্যাডেল বিরতি চাইছেন, কারণ নিয়ে কানাঘুষো

২৫ অক্টোবর থেকে ২৩ নভেম্বর লাস ভেগাসে ১০টি কনসার্ট করবেন অ্যাডেল, এই কনসার্টের পরপরই বিরতিতে যাচ্ছেন তিনি।

অ্যাডেল বিরতি চাইছেন, কারণ নিয়ে কানাঘুষো
ব্রিটিশ সংগীত শিল্পী অ্যাডেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 08:00 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

কনসার্টের মঞ্চ, রেকর্ডিংয়ের স্টুডিও ছেড়ে দীর্ঘ সময়ের জন্য বিরতিতে চলেছেন ব্রিটিশ সংগীত শিল্পী অ্যাডেল। 

বিবিসি লিখেছে, নভেম্বরে লাস ভেগাসে ‘উইকএন্ড উইথ অ্যাডেল’ কনসার্টের পর দর্শকদের চোখের আড়ালে চলে যাবেন গ্র্যামীজয়ী এই তারকা শিল্পী।

জার্মানির মিউনিখের কনসার্টে শনিবার এ ঘোষণা দিয়েছেন ‘ইজি অন মি’ গায়িকা। তার ভাষ্য, “অনুরাগীদের ভীষণ মিস করব। কিন্তু উপায় নেই। সিদ্ধান্ত নিতেই হয়েছে।”

জার্মানিতে ১০টি শো করেছেন অ্যাডেল। প্রতিটি শোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

সেখানকার শেষ কনসার্টের দিন হঠাৎ গান থামিয়ে ৩৬ বছর বয়সী এই গায়িকা বলেন, “এরপর আপনাদের সঙ্গে আর দীর্ঘ সময় দেখা হবে না। দেখা না হলেও আপনাদের কথা সব সময় আমার হৃদয়ে থাকবে।”

কথা বলতে বলতে আপ্লুত হয়ে পড়েন অ্যাডেল। গায়িকার এই ঘোষণায় দর্শকরা ‘নো’, ‘নো’ বলে চিৎকার করে ওঠেন।

থেমে থেমে কান্নাজড়িত কণ্ঠে অ্যাডেল বলেন, “গত সাত বছর ধরে নিজেকে নতুন করে গড়ছি আমি। এখন আমার বিশ্রাম প্রয়োজন। আমি আমার জীবনে যাপন করতে চাই, যেই জীবনটা আমি গড়েছি, আমি আমার মত করে বাঁচতে চাই। আমি তোমাদের ভীষণভাবে মিস করব।”

অ্যাডেল বলেছেন, গত তিন বছর ধরে নিজের পারফরমেন্স তিনি আগের মত উপভোগ করেন না।

জার্মানির এই শোয়ের পর অ্যাডেলেকে আবার মঞ্চে দেখা যাবে অক্টোবরের শেষ দিকে। ২৫ অক্টোবর থেকে ২৩ নভেম্বর লাস ভেগাসে ১০টি কনসার্ট করবেন তিনি। ওই কনসার্টের পরপরই বিরতিতে যাবেন।

অ্যাডেলের বিরতির ঘোষণায় অনেকে কানাঘুষো করছেন, ক্রীড়াবিদ রিচ পলের সঙ্গে নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন অ্যাডেলে। সে কারণেই বিরতি চাইছেন।

রিচ পলের সঙ্গে সম্পর্কের কথা অ্যাডেলে মিউনিখের এক কনসার্টেই প্রথম সামনে আনেন। ২০২১ সাল থেকে একে অন্যের সঙ্গে সম্পর্কে আছেন অ্যাডেলে ও পল। 

অ্যাডেলের সর্বশেষ অ্যালবাম ‘থার্টি’ প্রকাশ হয়েছে ২০২১ সালে।