Published : 07 Jun 2026, 10:52 AM
একই অঞ্চলের দুইটি পরিবারের দ্বন্দ্বের গল্পে বছরের শুরুতে ‘বিশ্বাস বনাম সরদার’ নামের যে ধারাবাহিকটি শুরু হয়েছিল সেটি শতপর্ব পৌঁছেছে।
মাছরাঙা টেলিভিশন স্টেশনের পর্দায় রোববার নাটকটির শততম পর্ব প্রচার হবে। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেখা যাচ্ছে নাটকটি।
বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলমসহ আরও অনেকে।

‘বিশ্বাস বনাম সরদার’ নাটকের গল্পে দেখা যাচ্ছে, দেশের উত্তরাঞ্চলের বর্ধিষ্ণু নামের এক গ্রামে ‘বিশ্বাস’ এবং ‘সরদার’ পদবীর দুই পরিবারের পাশাপাশি বসবাস। তাদের মধ্যে প্রতিবেশীসুলভ আচরণের অনেক ঘাটতি আছে। বরং বছরের পর বছর ধরে একে অপরের সঙ্গে বৈরি আচরণও করে চলেন দুই পরিবারের সদস্যরা। এক বাড়ীর যে কোন প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্যে আনন্দের অনুষঙ্গ।
দুই পরিবারের দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তারা নিজেদের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও পিছপা হয় না। দুই পরিবারের সমস্যার কারণে এমন কিছু ঘটনাও ঘটে, যা উপভোগ করে গ্রামের মানুষ। দুই পরিবারের প্রতিযোগিতা নানারকম কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়, আবার কখনো বেদনাদায়ক ঘটনাও ঘটে। তা নিয়েই এগিয়ে যাচ্ছে নাটকটি।

নাটকটি নিয়ে পরিচালক সকাল আহমেদ বলেন, “আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসছে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বে মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হবে তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে।”
দর্শকরা নাটকটি ‘উপভোগ করছেন’ বলে জানিয়েছেন নির্মাতা।